মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় গতকাল শনিবার অবরোধ ও বিক্ষোভ করে। অভিভাবক ও বিদ্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, আজাদ বখত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে ছাত্রছাত্রীরা বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকা অবরোধ করে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও পুলিশ দাবির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিলে সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা চত্বর এলাকা ত্যাগ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যালয় পরিচালনা কমিটি তাৎক্ষণিকভাবে বিদ্যালয় দুই দিনের ছুটি ঘোষণা করে।অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছেন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১৭০ টাকার জায়গায় ২৫০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া স্কুলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে। যোগাযোগের চেষ্টা করেও প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে পাওয়া যায়নি।