মৌলভীবাজারে স্কুলছাত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে এক স্কুলছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজনগর থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালারবাজার এলাকা থেকে রোকেয়া খাতুন নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী আবদুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। সালাম সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। গত সোমবার রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রাম থেকে রোকেয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার জন্য সালামকে গ্রেপ্তার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, জিজ্ঞাসাবাদে সালাম তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার পুলিশ জানায়, সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া গ্রামে গত রোববার অর্চনা রায় (৪৮) খুন হন। অর্চনা সদর উপজেলার রাঙ্গুরিয়া গ্রামের কৈলাস রায়ের মেয়ে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরের আবদুস সোবহান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র হূদয় রায়কে গত সোমবার গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, হূদয় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।