মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আবদুল আজিজ (৩৫) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। এর আগে বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলায় ট্রাকচাপায় আরতী রানী কর (২৫) নামের এক গৃহবধূ নিহত হন।বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির চাতলাপুর ক্যাম্পের সদস্য আবদুল আজিজ গতকাল মোটরসাইকেলে করে যাওয়ার সময় উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তিনি রাস্তা থেকে ছিটকে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। ১৪ বিজিবির শ্রীমঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে নোয়াগাঁও-খাইছড়া চা-বাগান সড়কে সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় বালুবোঝাই একটি ট্রাক আরতী রানী করকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আরতী নোয়াগাঁও গ্রামের সোনাই করের স্ত্রী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।