মৌলভীবাজারে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ২০০৩ সালের একটি হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, বড়লেখা উপজেলার সোহেল, রুহেল, শুকুর, কাদির ও শহীদ। দণ্ডিত ব্যক্তিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সাজা দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে সোহেল ও রুহেল পলাতক। অপর তিনজন জেলহাজতে আছেন। গতকাল বুধবার এই সাজার রায় দেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. আবদুর রশীদ। মামলা সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ছিটামহল গ্রামের নুরুল ইসলামকে আসামিরা ২০০৩ সালের ২৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তাঁর বাড়ির কাছে দা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ঘটনার পরদিন ২৯ নভেম্বর নূরুল ইসলামের ভাই সালেহ আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল বুধবার অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে সাজার রায় দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন ভুবনেশ্বর পুরকায়স্থ এবং আসামি পক্ষে ছিলেন আশরাফ উদ্দিন চৌধুরী।