নয় দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারে সড়ক অবরোধ করে হাওর রক্ষা সংগ্রাম কমিটি। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার পৌরসভার কুসুমবাগ এলাকায় ঘণ্টাব্যাপী এই অবরোধ ছিল। এ সময় কুসমবাগ এলাকার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে। অবরোধ চলাকালে বক্তারা বলেন, মৌলভীবাজারে দেশে-বিদেশে পরিচিতি পরিবেশগত সংকটাপন্ন হাকালুকি, কাওয়াদীঘি, হাইলসহ অনেক ছোট-বড় হাওর আছে। তা সত্ত্বেও ৯৪৫ কোটি টাকার হাওর উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত না করে সরকার মৌলভীবাজারবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে। এলাকাবাসী দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলার বিভিন্ন হাওরপারের মানুষ গতকাল সকাল থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়। দুপুর ১২টার দিকে তারা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার পৌরসভার কুসুমবাগ এলাকায় গিয়ে সড়কে অবস্থান নেয়।