মৌলভীবাজারে ১০ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরাঞ্চলে বন্যার পানি কমছে খুব ধীরে। হাওরের ঢেউয়ের আঘাতে অনেক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ছে। বন্যার কারণে গত এক মাসে মৌলভীবাজারের হাওরাঞ্চলের তিনটি উপজেলায় প্রায় ১০ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় অনেক পরিবার ঘরে ফিরতে পারছে না। অনেক রাস্তাঘাট এখনো পানির নিচে। এলাকাবাসী জানায়, প্রায় এক মাস ধরে হাকালুকি হাওরাঞ্চলে বন্যা চলছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বৃষ্টির কারণে এ বন্যা দেখা দিয়েছে। কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল গ্রামের রানী বেগম গত সোমবার বলেন, ‘ঘরও পানি ওঠায় এক মাস ধরি বাড়িছাড়া। আরেক বাড়িত আইয়া উঠছি। একটু পানি কমছে। কিন্তু এখনো ঘরে পেককাদা। বাড়িত যাইবার অবস্থা অইছে না।’ হাজী শেখ শাহাবুদ্দিন মাহমুদ বলেন, ‘হাকালুকিত এত বেশি ঢেউ। পানিতে আংশিক ডুবে থাকা কাঁচা ঘরগুলো ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, বাড়িতে পানি ওঠায় অনেকে আশ্রয়কেন্দ্রে ও আত্মীয়স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছেন। কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশা গত সোমবার বলেন, ‘আমার ইউনিয়নে ৩৬ হাজার পরিবারের বাস। প্রায় ৬০ শতাংশ পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই বাড়িঘরে ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।’ তিনি জানান, ঢেউয়ের আঘাতে তাঁর এলাকার ঘরবাড়ি ভেঙে পড়ছে। বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর গ্রামের ইমরুল ইসলাম সোমবার জানান, এলাকার বেশির ভাগ মানুষই পানিবন্দী। ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল কুদ্দুছ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক হিসাবে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় হাকালুকি হাওরাঞ্চলে নয় হাজার ৩১৭টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এসব উপজেলায় ৩৯টি আশ্রয়কেন্দ্রে ৯১৫টি পরিবার আশ্রয় নিয়েছে। বড়লেখার সাবেক সাংসদ এবাদুর রহমান চৌধুরী গত বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন ‘বন্যার প্রায় এক মাস হতে চলেছে। জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে এমন দীর্ঘস্থায়ী বন্যা আর কখনো দেখিনি। এর কারণ অনুসন্ধান দরকার। এলাকার মানুষকে এত অসহায় এর আগে দেখিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য, চিকিৎসা, পুনর্বাসন এবং গোখাদ্যের ব্যবস্থা করা দরকার।’