মৌলভীবাজারে ২৫ হাতির বহর নিয়ে ব্যতিক্রমী বরযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫টি হাতির বিশাল বহর নিয়ে কনের বাড়ি গিয়ে গতকাল বৃহস্পতিবার বিয়ে করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামের দুবাই-প্রবাসী মো. শহিদুল ইসলাম। হাতি ছাড়াও ব্যতিক্রমী এ বরযাত্রায় ছিল ৫০টি মোটরসাইকেল ও ১৫টি মাইক্রোবাস।আলোচিত এ বরযাত্রা দেখতে শমশেরনগর বিমানবন্দর সড়ক থেকে মৌলভীবাজার সড়কের দুই ধারে উৎসুক মানুষের ভিড় জমে যায়।জানা যায়, পারিবারিকভাবে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝির গাঁওয়ের তাহমিনা আক্তারের সঙ্গে প্রবাসী মো. শহিদুল ইসলামের বিয়ে ঠিক হয়। আলোচিত এ বরযাত্রায় প্রতিটি হাতিতে একজন মাহুতসহ দুজন করে বরযাত্রী ছিলেন। প্রতিটি মোটরসাইকেলে ছিলেন তিনজন ও প্রতিটি মাইক্রোবাসে ছিলেন ৮ থেকে ১০ জন করে বরযাত্রী। আলোচিত এ বিয়েতে মোট বরযাত্রী ছিলেন ৩৫০ জন। বরপক্ষের এক ব্যক্তি জানান, দুই লাখ টাকায় ২৫টি হাতি ভাড়া করা হয়। হাতি সাজাতে খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা। হাতিবহরের প্রথম হাতির মাহুতের হাতে ছিল একটি বড় ফেস্টুন। সেখানে লেখা ছিল শুভ বিবাহ। এ ছাড়া ফেস্টুনে বর-কনের ঠিকানাও লেখা ছিল। বরযাত্রা দেখতে রাস্তার দুই পাশে উৎসুক লোকজন যেভাবে ভিড় জমায়, সেভাবে কনের বাড়িতে ভিড় জমায় অনেকে।বরযাত্রী মাশুকুর রহমান বলেন, শহরের অনেক সম্পদশালী ব্যক্তি হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যান। সেটা আলোচিত হয়। ঠিক একইভাবে এ বরযাত্রাও ছিল ব্যতিক্রমী। এতে যোগ দিতে পেরে তিনি গর্বিত।