মৌলভীবাজারে ৫০ গ্রাম প্লাবিত ৪০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুটি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলে চারটি পাহাড়ি ছড়ার ছয়টি স্থান ভেঙে গেছে। রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক।

এদিকে জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের শ্যামেরকোনা এলাকা দিয়ে ধলাই নদের বাঁধ উপচে ১৫-২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ।

গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, আশীদ্রোণ ইউনিয়নের আশীদ্রোণ গ্রামের বিলাসছড়ায় একটি, উদনারপাড় ও মতিগঞ্জ গ্রামের উদনাছড়ায় দুটি, জামসী গ্রামের লাংলিয়াছড়ায় একটি এবং গাজীপুর ও আটঘর গ্রামের ফুলছড়ায় দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙন দিয়ে পানি ঢুকে আশীদ্রোণ ইউনিয়নের জিলাদপুর, তিতপুর, হরিণাকান্দি, পশ্চিম আশীদ্রোণ, উদনারপাড়, বিলাসেরপাড়, ভূজপুর, ডেঙ্গারবন, তপস্বীপাড়া, জামসী, রামনগর, গাজীপুর, আমানতপুরসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া পাশের সিন্দুরখান ইউনিয়নের সিক্কা, হামিদপুর, ডোবাগাঁও, বনগাঁওসহ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। সব মিলিয়ে দুই ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আশীদ্রোণ গ্রামের বাসিন্দা মো. ইউসূফ মিয়া বলেন, গত শুক্রবার রাত দেড়টার দিকে বিলাসছড়ায় ভাঙন দিয়ে গ্রামে পানি ঢুকেছে। কেউ কেউ ঘুম থেকে জেগে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কেউ বা নিজের ঘরে খাট-টেবিলের ওপর বসে নিদ্রাহীন রাত কাটিয়েছে। তপস্বীপাড়া গ্রামের বাসিন্দা সমর চন্দ্র ভট্টাচার্য বলেন, ঢলের পানিতে তাঁর দুটিসহ গ্রামের সব পুকুরেরই মাছ ভেসে গেছে। তিতপুর গ্রামের সুভাষ দাস বলেন, ঢলের পানিতে রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে।

আশীদ্রোণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন গতকাল বিকেলে জানান, শুক্রবার পাহাড়ি ঢলে আশীদ্রোণ ইউনিয়নের উদনাছড়া, লাংলিয়াছড়া, বিলাসছড়া ও ফুলছড়ার বাঁধ ছয়টি স্থানে ভেঙে গেছে। এসব ভাঙন দিয়ে পানি ঢুকে ইউনিয়নের ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে। রোপা আমনের খেত তলিয়ে গেছে। অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিন্দুরখান ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল হেলাল বলেন, এ ইউনিয়নের লাংলিয়াছড়া, ফুসকরিছড়া ও উদনাছড়া উপচে পানি ঢুকে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৩০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত শ্রীমঙ্গলে ২৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার অন্তত ৩০টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তিনি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব গতকাল বন্যাকবলিত আশীদ্রোণ ও সিন্দুরখান ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখেছেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চিড়া-গুড় ও ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা বিতরণ করেন।

কামারচাক ইউনিয়ন প্লাবিত: রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক, শ্যামেরকোনা, মরিচা, হাটি করাইয়া, ইসলামপুর, আদমপুর, খাসপ্রেমনগর, পঞ্চানন্দপুর, শান্তকুল, মশাজানসহ ইউনিয়নের পশ্চিমাঞ্চলের ১৫-২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়নের পশ্চিমাঞ্চল প্লাবিত হওয়ার কথা নিশ্চিত করে

কামারচাক ইউপির চেয়ারম্যান সেলিম আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘পাকা বোরো ধান ও রাস্তা ডুবে গেছে। অনেক বাড়িতে পানি উঠেছে। এ ছাড়া মনু নদের অন্তত চারটি স্থান বেশি ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরি ভিত্তিতে মনু নদের বাঁধ নির্মাণের দাবি জানিয়েছি।’