মৌলভীবাজারে 'বিদ্রোহে' এগিয়ে বিএনপি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিএনপি এগিয়ে আছে। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে বিএনপির ১১ জন ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ থেকে চার ইউনিয়নে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন চারজন।
সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১২টি ইউনিয়নে দলীয় ও স্বতন্ত্র মিলে চেয়ারম্যান পদে ৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এঁদের মধ্যে গত বৃহস্পতিবার চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে উপজেলায় চেয়ারম্যান পদে এখন ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৪ জুন এ নির্বাচন হবে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলের পক্ষ থেকে সদর উপজেলার ১২টি ইউনিয়নে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু দলের সিদ্ধান্ত মানেননি অনেকেই। উপজেলার ছয়টি ইউনিয়নে ১১ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কোনো কোনো ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
নাজিরাবাদ ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুর রহমান এবং বিএনপির নেতা সৈয়দ এনামুল হক রাজা।
গিয়াসনগরে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জমশেদ। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুবদলের নেতা কামরুল ইসলাম, বিএনপির নেতা মো. রানু মিয়া ও যুবদলের নেতা সাজ্জাদ আহমদ সুইট।
আখাইলকুড়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. শামীম আহমদ। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফখরুজ্জামান।
আপার কাগাবলা ইউনিয়নে বিএনপি মনোনয়ন দিয়েছে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজুকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সদর উপজেলা বিএনপির আইন-বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আবদুস সালাম ও বিএনপির নেতা আবদুল মতিন।
আমতৈল ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রানা খান শাহীনকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুবদল নেতা এম এ মোহিত।
চাঁদনীঘাট ইউনিয়নে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশাকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান ও বিএনপির নেতা মো. আকলাই মিয়া।
বিএনপির সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেন, ‘যাঁরাই বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের বিষয়ে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে উপজেলার কনকপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে কনকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান চৌধুরী।
কামালপুরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আপ্পান আলীকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলাউর রহমান।
আখাইলকুড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ মো. বদরুজ্জামান চুনুকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খয়েজ আহমদ।
মোস্তফাপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা যুবলীগের সহদপ্তর সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শেখ রুমেল আহমদকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের নেতা মো. তাজুল ইসলাম।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ বলেন, ‘কারও বিদ্রোহী প্রার্থী হওয়ার কথা না। দল থেকে একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছি। আমরা বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে অ্যাকশনে যাব।’