মৌলভীবাজারের জেলা প্রশাসক সপরিবার করোনায় আক্রান্ত
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার জেলা প্রশাসক প্রথম আলোকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে বাসাতেই তাঁরা চিকিৎসা নিচ্ছেন।
জেলা প্রশাসক জানান, বাসার সবার ঠান্ডা, জ্বর ও কাশি ছিল। সবার নমুনা পরীক্ষা করানো হয়। এতে তিনি (জেলা প্রশাসক), তাঁর স্ত্রী ও দুই সন্তানের নমুনা পজিটিভ এসেছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত প্রায় ৪৩ শতাংশ। একই সময়ে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৪ জন। সারা জেলায় এ পর্যন্ত ৩ হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩২ জন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ১০টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৩টি মামলা করা হয়। ৩৭ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ২৮ জনকে সাময়িক আটক করা হয়। বন্ধ করা হয় একটি সেলুন।