মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, নদীর বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার মনু, ধলাই, লঘাটা ও জুড়ী নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জুড়ী নদীর বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হওয়ায় লোকজন আতঙ্কে রয়েছে।মৌলভীবাজার: কয়েক দিনের টানা বৃষ্টিতে মনু ও ধলাই নদে পানি বেড়েছে। এর মধ্যে ধলাই নদের পানি গত শুক্রবার রাতে বিপৎসীমা অতিক্রম করে। তবে গতকাল বৃষ্টিপাত কম হওয়ায় বিকেল থেকে ধলাই নদের পানি কমতে শুরু করে। এদিকে বিপৎসীমা অতিক্রম না করলেও মনু নদে এখনো পানি বাড়ছে।পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, মনু নদে পানি বেড়ে যাওয়ায় বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মন্দিরা, দাউদপুর, সাধনপুর ও সুলতানপুর এলাকায় বাঁধ ঝুঁকির মধ্যে আছে।জুড়ী: কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার জুড়ী নদীর বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী কোনাগাঁও ও পার্শ্ববর্তী বিরইনতলা গ্রামে নদীর বাঁধের দুটি স্থানে প্রায় আড়াই শ মিটার জায়গাজুড়ে ভাঙন দেখা দেয়। ভাঙনকবলিত অংশ দিয়ে পানি ঢুকে দুটি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে।কোনাগাঁওয়ের গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘জমিন তো সাদা অই গেছে। এখন বাড়িত নি পানি উটে, ইটার লাগি চিন্তাত আছি।’জুড়ী নদীর ভাঙনকবলিত বাঁধ পরিদর্শন শেষে গতকাল দুপুরে পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নদীতে এখন প্রচণ্ড স্রোত। এখন জরুরি ভিত্তিতে ভাঙন মেরামত করলেও তা টিকবে না।কমলগঞ্জ: উপজেলার সবকটি নদী ও পাহাড়ি ছড়ার পানি বেড়েছে। এতে প্লাবিত হয়েছে শমশেরনগর, আলীনগর, মুন্সীবাজার, পতনউষার ও রহিমপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। এ ছাড়া, ধলাই নদীর পুরোনো একটি ভাঙন দিয়ে পানি ঢুকে পড়েছে ফসলি জমিতে।তবে ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কথা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো সংবাদ তাঁর কাছে আসেনি।