মৌলভীবাজারের নেতা-কর্মীরা দুই ভাগে যোগ দেবেন সমাবেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে সমাবেশে দুই ভাগে যোগ দিচ্ছেন। একটি অংশ যাচ্ছে মৌলভীবাজার সদর আসনের (সদর-রাজনগর) সাংসদ সৈয়দ মহসীন আলীর নেতৃত্বে, অপর অংশ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে।পৃথকভাবে সমাবেশে যোগ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন স্থানে বৈঠক হয়েছে। উভয় পক্ষের মৌলভীবাজার থেকে প্রায় ৩০০ গাড়ির বহর সিলেটে যাবে বলে জানা গেছে। তবে জেলা কমিটির নেতারা বলেছেন, যে যেভাবেই যাক, সবাই আওয়ামী লীগেরই লোক।মৌলভীবাজার সদর আসনের (সদর-রাজনগর) সাংসদ সৈয়দ মহসীন আলীর নেতৃত্বে মৌলভীবাজার ও রাজনগর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীর একটি অংশ সমাবেশে যোগ দেবে। এরই মধ্যে একাধিক বৈঠক হয়েছে। শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস শহীদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার হারুন অর রশীদ, সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ। সাংসদ সৈয়দ মহসীন আলী এতে উপস্থিত ছিলেন।সৈয়দ মহসীন আলী গতকাল শুক্রবার বলেন, ‘আমার এখানে (বাসায়) মিটিং ছিল। প্রায় চার-সাড়ে চার শ মানুষ ছিল। এরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটির সভাপতি-সম্পাদক। তাদের রেখে কী করে সেখানে (জেলা প্রশাসকের বৈঠকে) যাব। প্রত্যেক এমপিকে জনসমাবেশে লোক নিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া জেলা কমিটি কোনো মিটিং ডাকেনি। জেলা কমিটি ফাংশন করছে না। মূলত জেলা কমিটিই নেই।’ অন্যদিকে সমাবেশে যোগ দেওয়া সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ গতকাল বলেন, ‘আমরা আলাদাভাবে যাচ্ছি না। সব উপজেলাকে চিঠি দিয়েছি। সবাইকে সমন্বয় করছি। কাউকে বাদ দিয়ে করছি না। আমি তো মনে করছি সবাই ঐক্যবদ্ধভাবে যাব। এখন কেউ যদি আলাদাভাবে যায়, সেটা তার ব্যাপার।’সাধারণ সম্পাদক জানান, তাঁদের পক্ষ থেকে সারা জেলার ১৫০ থেকে ২০০ গাড়ি সমাবেশে যাবে। সিলেটে প্রধানমন্ত্রীর কাছে মৌলভীবাজার জেলার আড়াই শ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানানো হবে বলে তিনি জানান। এদিকে সিলেটের সমাবেশে যোগ দেওয়ার জন্য চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস শহীদের আহ্বান জানিয়ে একটি পোস্টার লাগানো হয়েছে। এটি প্রচার করেছে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ।