মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণা করা হয় ২০০৮ সালে। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়নি। বিচ্ছিন্নভাবে সংরক্ষিত বনাঞ্চল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক উন্নয়নের মধ্যেই পর্যটন বিকাশের ধারণা আটকে আছে। এরই মধ্যে আজ ২৭ সেপ্টেম্বর উদ্যাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
স্থানীয় সূত্রে জানা গেছে, চা-বাগান, হাওর, পাহাড় ও সমতলের বৈচিত্র্যপূর্ণ জনপদ মৌলভীবাজারকে ঘিরে পর্যটনের অমিত সম্ভাবনা বিরাজ করছে। কিন্তু এ সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো সুদূরপ্রসারী উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।
মৌলভীবাজার জেলার এই প্রাকৃতিক বৈচিত্র্যকে বিবেচনা করে ২০০৮ সালের ১ জুলাই ‘এসো বাংলাদেশ গড়ি’ রোড শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৎকালীন চেয়ারম্যান শফিক আলম মেহেদী মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করেন। কিন্তু ঘোষণার এত দিন পরও মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে তেমন কোনো কার্যক্রম নেওয়া হয়নি। পর্যটক আকর্ষণ, পর্যটকদের পথনির্দেশনা, নিরাপত্তা, থাকা ও বিনোদনের জন্য পরিকল্পিত কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি।
অপরদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবরে ‘মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে উন্নীতকরণ’ নামের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল। এতে বলা হয়, অনন্য বৈশিষ্ট্যের কারণে মৌলভীবাজার জেলা পর্যটনশিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার জেলায় রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ, চা-বাগান, মূল্যবান প্রাকৃতিক সম্পদ, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ উন্নত যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও প্রাকৃতিক অপার সৌন্দর্য। পাহাড়-টিলা, সংরক্ষিত বনাঞ্চল, হাওর-বাঁওড়-বিল, ঝরনা, নদ-নদী পরিবেষ্টিত ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ জেলা ইকো-টুরিজমের জন্য খুবই উপযোগী। এ কারণে প্রতিবছর বহু দেশি-বিদেশি পর্যটক এ জেলা ভ্রমণে আসেন। কিন্তু পর্যটকদের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আবাসন, বিনোদন, নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাঁরা অনেক ক্ষেত্রে নিরাশ হন। এ ক্ষেত্রে বিনোদনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করে শ্রীমঙ্গল উপজেলা, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মণিপুরি ও খাসিয়া পল্লি, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর ও চা-বাগানগুলোকে সম্পৃক্ত করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে সহজেই এ জেলাকে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের উপযোগী করে গড়ে তোলা সম্ভব।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বড়লেখায় হাকালুকি হাওরে একটি পাখি পর্যবেক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য জায়গা খোঁজা হচ্ছে। এ ছাড়া স্ট্যান্ডিং রিজিওনাল কো-অপারেশন অব ওয়াইল্ডলাইফ প্রোটেকশন নামে একটি প্রকল্পে ইকো-টুরিজম উন্নয়নে বিভিন্ন কার্যক্রম আছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া বলেন, ‘পর্যটন বিকাশের ক্ষেত্রে আমাদের থেকে কোনো কার্যক্রম নেই।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী (ইউএনও) নূর নবী বলেন, মাধবকুণ্ড-কাঁঠালতলী রাস্তা মেরামতের জন্য তিন দিন আগে সাত কোটি ৩০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘আমি আসার পর থেকে মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণার কথা শুনছি। কিন্তু কোনো গেজেট হাতে পাইনি।’