সাত পরিবহন শ্রমিককে বরখাস্তের প্রতিবাদে গতকাল শুক্রবার পরিবহন শ্রমিকেরা মৌলভীবাজার-কুলাউড়াসহ বিভিন্ন সড়কে ধর্মঘট পালন করেছেন। এ সময় এসব সড়কে বাস ও মিনিবাস চলেনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কুলাউড়া বাসস্ট্যান্ড এলাকায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এক পরিবহন শ্রমিককে ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় পরিবহন শ্রমিকেরা গাড়ি চলাচল বন্ধ করে দিলে পুলিশ একজন শ্রমিককে আটক করে। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে আটক শ্রমিকের মুক্তির দাবিতে কুলাউড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেন। এদিকে বিকেল চারটার দিকে আটক পরিবহন শ্রমিককে পুলিশ ছেড়ে দিলে আবার গাড়ি চলাচল শুরুর সিদ্ধান্ত নেন শ্রমিকেরা। কিন্তু বাস ও মিনিবাস মালিক সমিতি তাঁদের সঙ্গে আলাপ না করে গাড়ি চলাচল বন্ধ রাখায় সাত পরিবহন শ্রমিককে বরখাস্ত করে। এই ঘটনায় অন্যান্য শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেন। পরিবহন শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, সাত শ্রমিককে বরখাস্তের প্রতিবাদে শ্রমিকেরা গতকাল সকাল থেকে কুলাউড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া সিলেট, মৌলভীবাজার, রবিরবাজার, ভাটেরা, মুরইছড়া, শমশেরনগরসহ বিভিন্ন সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেন। মৌলভীবাজার-কুলাউড়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম গতকাল প্রথম আলোকে বলেন, জেলার অভ্যন্তরীণ ১৫-১৬টি রুটে গতকাল বাস ও মিনিবাস চলেনি।মৌলভীবাজার-কুলাউড়া-চাঁদনীঘাট পরিবহন শ্রমিক ইউনিয়ন গ্রুপ কমিটির সভাপতি মো. আশিক মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা গরিব মানুষ। কথায় কথায় এদের বরখাস্ত করা হচ্ছে।’কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী জানান, ‘আমি ভ্রাম্যমাণ আদালত চলাকালে জরিমানা করেছি। এ সময় কিছু সমস্যা হয়েছিল। পরে শ্রমিকেরা এসে তাঁদের ভুল স্বীকার করলে বিষয়টি শেষ হয়ে যায়। পরে মালিকেরা কয়েকজন শ্রমিককে বরখাস্ত করায় তাঁরা ধর্মঘট করছেন।’ গতকাল রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট চলছিল।