মৌলভীবাজারের ১৫ রুটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
মৌলভীবাজার-কুলাউড়া সড়কসহ ১৫টি রুটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। সাতজন পরিবহন শ্রমিককে বরখাস্তের প্রতিবাদে গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, অনেক বাস ও মিনিবাস দাঁড়িয়ে আছে। যাত্রীরা গাড়ির খোঁজে এদিক-ওদিক ছোটাছুটি করছে। মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ লাইনের যাত্রী আলী আহমদ জানান, তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যাওয়ার জন্য। কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। আরেক যাত্রী নিশীলাল রায় জানান, তিনি কুলাউড়ায় যাবেন। স্ট্যান্ডে এসে দেখেন বাস বন্ধ। তাই সিএনজিচালিত অটোরিকশায় করে যেতে হচ্ছে। গত বৃহস্পতিবার কুলাউড়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত এক পরিবহন শ্রমিককে জরিমানা করেন। এর প্রতিবাদে শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। তখন পুলিশ এক শ্রমিককে আটক করে। আটক শ্রমিকের মুক্তির দাবি করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। আটক শ্রমিককে পুলিশ ছেড়ে দিলে শ্রমিকেরা আবার বাস চালাতে সম্মত হন। কিন্তু বাস মালিক সমিতির সঙ্গে আলাপ না করে গাড়ি বন্ধ রাখায় সাত পরিবহন শ্রমিককে বরখাস্ত করে বাস মালিক সমিতি। সাত শ্রমিককে বরখাস্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা গত শুক্রবার সকাল থেকে ১৫টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেন। মৌলভীবাজার-কুলাউড়া-চাঁদনীঘাট পরিবহন শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি মো. আশিক মিয়া গতকাল বলেন, ‘মালিক সমিতির কাছে অনুরোধ করেছি, যাঁদের বরখাস্ত করা হয়েছে, তাঁদের পুনর্বহাল করে একবার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু মালিক সমিতি তা শুনতে রাজি হচ্ছে না।’ তিনি জানান, এ অবস্থায় তাঁদের ধর্মঘট চালিয়ে যাওয়া ছাড়া কিছু করার নেই।মৌলভীবাজার-কুলাউড়া বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম গতকাল সন্ধ্যায় বলেন, ‘মালিক সমিতি এ বিষয়ে আলাপ-আলোচনা করেছে। আমরা চেষ্টা করব আগামীকাল (রোববার) থেকে প্রশাসনের সহযোগিতা নিয়ে গাড়ি চালানোর।’