বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মৌলভীবাজার ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দ্বন্দ্বে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার ৩৩ হাজার গ্রাহককে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বনাঞ্চলের ভেতরের ১২ কিলোমিটার দূরত্বের ৩৩ হাজার কেভি লাইন পিডিবি পল্লী বিদ্যুৎকে বুঝিয়ে না দেওয়ায় সঠিকভাবে সংস্কারকাজ হচ্ছে না বলে দাবি পবিসের। পিডিবি বলছে, মিলেমিশে মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে।পবিস কমলগঞ্জ জোনাল অফিস সূত্র জানায়, শ্রীমঙ্গল গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে পিডিবির ৩৩ হাজার কেভি লাইনের মাধ্যমে কমলগঞ্জে পবিস উপকেন্দ্র থেকে কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার আংশিক আবাসিক, বাণিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান, সেচ, শিল্প, সড়কধারের বাতিসহ ৩৩ হাজার গ্রাহককে সরবরাহ করা হচ্ছে। কিন্তু সামান্য দমকা বাতাস ও ঝড়ে লাউয়াছড়া বনাঞ্চলের ভেতর দিয়ে প্রবাহমান ৩৩ হাজার কেভি লাইনের ওপর গাছপালা পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য লাইনটি পবিসকে বুঝিয়ে দিতে মৌলভীবাজারে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর একাধিকবার চিঠি দিয়েছে পবিস মৌলভীবাজার। এ ছাড়া বিষয়টি নিয়ে বিভিন্ন সভায় আলোচনা হলেও পিডিবি লাইনটি পবিসকে হস্তান্তর করছে না। এ অবস্থায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থায়নে ২০০৪ সালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশ দিয়ে নতুন লাইন স্থাপনের জন্য শ্রীমঙ্গল থেকে নূরজাহান চা-বাগান পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় খুঁটি স্থাপন করা হয়। তবে বন বিভাগের (বন্য প্রাণী) আপত্তির কারণে কাজটি বন্ধ হয়ে যায়।নির্ভরযোগ্য সূত্র জানায়, শ্রীমঙ্গল গ্রিড থেকে কমলগঞ্জে পবিস উপকেন্দ্র পর্যন্ত ২২ কিলোমিটার লাইন দীর্ঘদিন ধরে পিডিবি ব্যবহার করছে না। এই এলাকায় কোনো সমস্যা হলেও তারা মেরামত করে না।পবিস কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. মোবারক হোসেন বলেন, পাহাড়ের ভেতরের ১২ কিলোমিটার ৩৩ হাজার কেভি লাইন তাঁদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য পিডিবিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু পিডিবির সংশ্লিষ্ট বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না। লাইনটি বুঝিয়ে দিলে পবিস লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়কের পাশ দিয়ে নতুন করে খুঁটি স্থাপন করে তার টানবে। এতে ঝড়-বৃষ্টির সময় লাইনে ত্রুটি হলে সহজেই শনাক্ত করে মেরামত করা যাবে। বর্তমানে পাহাড়ের ভেতরে লাইনে ত্রুটি চিহ্নিত করতে কয়েক ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এ কারণে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে ৮-১০ ঘণ্টা লেগে যায়। এক হিসাবে দেখা গেছে, গত ৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত শুধু পাহাড়ি এলাকায় ৩৩ হাজার কেভি লাইনের ওপর গাছ ও বাঁশ পড়ে খুঁটি ভেঙে ও তার ছিড়ে ক্ষতি হওয়ায় ১০০ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলেন তিনটি উপজেলার গ্রাহকেরা।এ ব্যাপারে পিডিবি মৌলভীবাজার কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রতন বিশ্বাস বলেন, ‘লাইনটি হস্তান্তর করতে সরকারি সিদ্ধান্ত প্রয়োজন। পবিস বিদ্যুৎ লাইন হস্তান্তরের জন্য কোনো চিঠি দিয়েছে বলে আমার জানা নেই। আর এই লাইন দিয়ে পিডিবি কুলাউড়া উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ হয়। তাই পবিসকে লাইনটি হস্তান্তরের প্রশ্নই আসে না।’ ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনে সমস্যা হলে মেরামত প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু পবিসও এই লাইন ব্যবহার করে বিদ্যুৎ নিচ্ছে; তাই পবিস ও পিডিবি মিলেমিশে মেরামত করে থাকে। ভবিষ্যতে পাহাড়ি এলাকা থেকে লাইন বের করে সড়কের পাশ দিয়ে আনার পরিকল্পনা রয়েছে।পবিসের কর্মকর্তারা জানান, কোনো কারণে ফেঞ্চুগঞ্জ এলাকায় পিডিবির লাইনে ত্রুটি দেখা দিলে পবিস কমলগঞ্জ উপকেন্দ্র থেকে পিডিবিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পবিসকে এ ধরনের সুযোগ মাঝেমধ্যে পিডিবি দিলেও চাহিদার ১০ মেগাওয়াটের স্থলে ২-৩ মেগাওয়াট দেওয়া হয়।পাহাড়ি এলাকায় লাইনে ত্রুটি হলে মেরামত করেন বলে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী দাবি করলেও পবিসের কর্মকর্তারা তা অস্বীকার করে বলেন, গ্রাহকদের সুবিধার্থে তাঁরাই লাইন মেরামত করে থাকেন।