মৌলিক অধিকার বলবৎ জজ আদালতকে দিতে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ার জেলা জজ আদালতকে দিতে আজ বৃহস্পতিবার সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে। জেলা জজ আদালত মৌলিক অধিকার বলবৎকরণ (এখতিয়ার) বিল ২০১৫ নামের এই বেসরকারি বিলটি উত্থাপন করেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।

উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে তা বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রুস্তম আলী বলেন, জেলা আদালত স্থানীয় পর্যায়ে হাইকোর্টের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারলে প্রত্যন্ত অঞ্চলে নিরীহ জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এতে হয়রানি কমবে ও সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।

রুস্তম আলী আজ বিধি ও প্রবিধান প্রণয়ন ক্ষমতা নিয়ন্ত্রণ বিল ২০১৫ সংসদে উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

উত্থাপিত বিলে বিধি প্রণয়নের পর তা সংসদীয় কমিটিতে পাঠানোর বিধান করার প্রস্তাব করা হয়েছে।