মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতায় টিআইবির উদ্বেগ
আইনের শাসন প্রতিষ্ঠায় দুই বড় দলকে আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে জনগণের মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সংস্থার সামর্থ্যের ক্রমবর্ধমান ঘাটতিতে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। গতকাল রোববার এক বিবৃতিতে টিআইবির পক্ষ থেকে এই উদ্বেগ জানিয়ে আইন প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সর্বোচ্চ পেশাদারি নিশ্চিত করার ওপর প্রাধান্য দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সাম্প্রতিককালে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড বা গুম হওয়ার মতো ঘটনায় এটা স্পষ্ট হচ্ছে যে, আইন প্রয়োগে নিয়োজিত সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব প্রত্যাশিতভাবে পালন করতে পারছে না। বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব, স্বার্থের দ্বন্দ্ব, দুর্নীতি ও কালো টাকার দৌরাত্ম্যের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে পেশাগত দক্ষতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।বিবৃতিতে বলা হয়, রেলওয়েতে নিয়োগসংক্রান্ত কলঙ্কময় ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ তদন্ত অপরিহার্য। বিজিবি কোন প্রেক্ষিতে, কার নির্দেশে বা প্রভাবে বা কোন লেনদেনের ফলে বা কারও দায়িত্বে অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখেছিল কি না, তার সুষ্ঠু তদন্ত ছাড়া ওই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। একই সঙ্গে রেলওয়ের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় নিখোঁজ গাড়িচালকের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাঁকে খুঁজে বের করে তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।