
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ বিনা মূল্যে মৌলিক স্বাস্থ্যসেবা দিতে পারছে। এটা পৃথিবীর খুব কম দেশের পক্ষেই সম্ভব হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ ধরনের ওষুধ সরবরাহ করে বাংলাদেশ এটা সম্ভব করেছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হৃদ্রোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গওহর রিজভী এ কথা বলেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের মেডিসিন ফ্যাকাল্টির সহায়তায় দুই দিনের সম্মেলন আয়োজন করে ঢাকার ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল।
প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, কমিউনিটি ক্লিনিক স্থাপনের কারণে বাংলাদেশের কোনো মানুষ এখন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দূরে অবস্থান করেন না। তারপরও এই অর্জন যথেষ্ট নয়। সম্মেলন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশেও স্বাস্থ্যসেবার সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া প্রথম দিনে আটটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি তিন শতাধিক চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানে ইম্পেরিয়াল কলেজের হৃদ্রোগের বিশেষজ্ঞ প্রকাশ পাঞ্জাবি বলেন, ভারতীয় উপমহাদেশে চিকিৎসকেরা অনেক রোগী দেখার সুযোগ পান, যে সুযোগ পশ্চিমা দুনিয়ার চিকিৎসকেরা পান না। এই সুযোগ গবেষণায় কাজে লাগানো উচিত। তিনি বলেন, প্রতিদিন অস্ত্রোপচারের সময় থেকে কিছু সময় বাঁচিয়ে রোগীর তথ্য-উপাত্ত সংগ্রহ করা উচিত। ৮০ লাখ ইউরো অনুদান নিয়ে তাঁরা হৃদ্রোগ গবেষণার যে প্রকল্প হাতে নিয়েছেন, তাতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসক।
এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এর কারণে চিকিৎসার খরচ বেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব, যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়, মানুষ যদি সচেতন হয়।’ তিনি বলেন, প্রথম আলো প্রতিদিন, প্রতি সপ্তাহে, সারা বছর প্রতিবেদন, লেখা ও সাক্ষাৎকার ছেপে সেই সচেতনতা বৃদ্ধির কাজ করছে।
ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক খন্দকার কামরুল ইসলাম বলেন, দেশে ১৮ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। নারীর (১৬ শতাংশ) তুলনায় পুরুষের বেশি (২০ শতাংশ)। নিয়ন্ত্রণে নেই ৬৯ শতাংশ মানুষের।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারপারসন প্রীতি চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বক্তব্য দেন।
সম্মেলনের একাধিক অধিবেশনে বলা হয়, বাংলাদেশের রোগের ধরনে পরিবর্তন আসছে। সংক্রামক রোগের পরিবর্তে হৃদ্রোগ, ক্যানসার বা ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়ছে।
আজ শুক্রবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে বিনা মূল্যে হৃদ্রোগ পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।