মৌসুম শেষ, সহস্রাধিক কৃষক ভর্তুকির সার পাননি
‘সরকার আমারিক সার দিল। আর সরকারের লোক গুডাউনেত রাইখা পচাচ্ছে। দাদনের ওপর টাকা লিইয়্যা জমিত সার দিছি।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন রাজশাহীর বাগমারা উপজেলার বাজেগোয়ালকান্দি গ্রামের চাষি মোজাম্মেল হক। তিনি একা নন, তাঁর মতো উপজেলার সহস্রাধিক গরিব চাষি ভর্তুকির সার না পেয়ে ক্ষুব্ধ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার আউশ-আমন মৌসুমের জন্য ইউরিয়া, টিএসপি ও এমওপি মিলে মোট ১৯২ মেট্রিক টন সার বরাদ্দ দেয়। এ জন্য কৃষি বিভাগ তিন হাজার ৭০০ কৃষকের তালিকা তৈরি করে। গত ৮ জুলাইয়ের আগ পর্যন্ত উপজেলার কাচারীকোয়ালীপাড়া, গোয়ালকান্দি ইউনিয়ন ও ভবানীগঞ্জ পৌরসভা বাদে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার চাষিদের মধ্যে ভর্তুকির সার বিতরণ করা হয়। ৯ জুলাই ভর্তুকির সারে ভেজাল মেশানোর সময় তিনজন গ্রেপ্তার হওয়ার পর থেকে অবশিষ্ট দুটি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের মধ্যে সার বিতরণ বন্ধ করে দেওয়া হয়। সরকারি ওই গুদামের চাবি বরখাস্ত হওয়া কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীরের কাছে থাকায় সার বিতরণ সম্ভব হচ্ছে না। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে থাকার পর গত বৃহস্পতিবার প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত এক হাজার ২৮১ জন কৃষক ভর্তুকির সার পাননি। খোঁজ নিয়ে জানা গেছে, ৪৮ মেট্রিক টন সার উপজেলা পরিষদের তালাবদ্ধ ওই গুদামঘরে রাখা আছে। চাষাবাদের সময় পেরিয়ে গেলেও সেগুলো বিতরণ করা হয়নি।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আউশ চাষের উপযুক্ত সময়। তবে বাগমারা এলাকায় ১০ জুলাইয়ের মধ্যে আউশ চাষ শেষ হয়েছে।গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, তাঁর এলাকার কৃষকেরা এখন পর্যন্ত সরকারি ভর্তুকির সার পাননি। সার না পেয়ে অনেকে চাষাবাদ করতে পারেননি। আবার অনেকে সার ছাড়াই ধান চাষ করেছেন।ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কামারুজ্জামান প্রথম আলোকে জানান, গুদামের চাবি কৃষি কর্মকর্তা আলমগীরের কাছে আছে। চাবি না পাওয়ায় এবং কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সার বিতরণ করা যাচ্ছে না। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে দাবি করেন।