মৌসুম শেষ হলেও হ্যাচারিতে পড়ে আছে চিংড়ি পোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদা চিংড়ি চাষের চলতি মৌসুম শেষ হওয়ার পথে। কিন্তু নানা কারণে কক্সবাজারের চিংড়ি হ্যাচারিগুলোতে উৎপাদিত বিপুল পরিমাণ পোনা অবিক্রীত থেকে গেছে। তাই অবিক্রীত এসব পোনা সাগরে ফেলে দিতে বাধ্য হচ্ছেন হ্যাচারি মালিকেরা।সূত্র জানায়, হ্যাচারিতে চিংড়ি পোনা অবিক্রীত থাকার প্রধান কারণ হলো চাহিদার চেয়ে বেশি উৎপাদন। এদিকে নানা সংকটে জেলার চিংড়ি হ্যাচারি শিল্পে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।হ্যাচারি মালিকেরা জানান, নীতিমালার অভাবে চাহিদার চেয়ে বেশি উৎপাদন, বৈধ ও অবৈধ পথে ভারত ও মিয়ানমার থেকে চিংড়ি পোনা আনাসহ নানা কারণে চিংড়ি হ্যাচারি-শিল্পে সংকট চলছে। গত এক মাসের মধ্যে ছয়টি হ্যাচারি বন্ধ হয়ে গেছে। আরও ২০টি হ্যাচারি বন্ধ হওয়ার পথে। বন্ধ হয়ে যাওয়া হ্যাচারিগুলোর মধ্যে রয়েছে প্রগতি, সি মার্ক, আল আশরাফ, অ্যাকুয়া, বলাকা, সি কুইন।কক্সবাজারের যমুনা শ্রিম্প হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, নীতিমালা না থাকায় হ্যাচারি-শিল্পে অশনিসংকেত দেখা দিয়েছে। প্রতিটি হ্যাচারি বিপুল পরিমাণ লোকসান দিলেও সেদিকে সরকারের নজর নেই।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৪ সালের দিকে সমুদ্র উপকূলের কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে বাগদা চিংড়ি পোনা উৎপাদনের জন্য হ্যাচারি গড়ে ওঠে। ১৯৯৯ সালের পর থেকে বাড়তে থাকে হ্যাচারির সংখ্যা। বর্তমানে এসব এলাকায় হ্যাচারির সংখ্যা ৪৭টি। ২০০১ সালে হ্যাচারি মালিকদের নিয়ে গঠিত হয় ‘শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (সেব) নামের একটি সংগঠন। দীর্ঘ সময় ধরে হ্যাচারি-শিল্পের উন্নয়নে একটি নীতিমালা তৈরির দাবি জানিয়ে আসছে সংগঠনটি। কিন্তু দীর্ঘ সময়েও তাদের দাবি পূরণ করা হয়নি।সেবের মহাসচিব মো. রইচ উদ্দিন বলেন, নীতিমালা ও সরকারের সুনজর না থাকায় হ্যাচারি-শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেকে কালো টাকা সাদা করতে হ্যাচারি ব্যবসায় নেমে অশুভ প্রতিযোগিতা শুরু করেছেন। তাঁর নিজের হ্যাচারিতে প্রায় পাঁচ কোটি চিংড়ি পোনা পড়ে থাকার কথা জানিয়ে তিনি বলেন, বাকিতে ও লোকসান দিয়েও এসব পোনা বিক্রি করা যাচ্ছে না। এভাবে নিয়মনীতি ছাড়া কোনো শিল্প টিকে থাকতে পারে না। সেব সূত্র জানায়, প্রতিবছর খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কক্সবাজারসহ সারা দেশের প্রায় দেড় লাখ হেক্টর জমিতে তিন লাখ চিংড়িঘেরের জন্য ৩০০ থেকে ৩৫০ কোটি চিংড়ি পোনার প্রয়োজন হয়। কিন্তু কক্সবাজারের হ্যাচারিগুলোতে উৎপাদিত হয় ৬০০ কোটিরও বেশি পোনা। এ ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার হ্যাচারিতেও বিপুল পরিমাণ পোনা উৎপাদিত হয়। চাহিদার তুলনায় উৎপাদন বাড়ার ফলে বাজারে পোনার দাম কমে গেছে।বলাকা হ্যাচারির পরিচালক মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, প্রতিটি চিংড়ি পোনার উৎপাদন খরচ ১৫ থেকে ১৭ পয়সা। এসব পোনা কক্সবাজার থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় পৌঁছাতে পরিবহন ব্যয় হয় গড়ে ১০ পয়সা করে। সব মিলিয়ে প্রতিটি পোনার জন্য খরচ পড়ে যায় প্রায় ৩০ পয়সা। কিন্তু বর্তমান বাজারে প্রতিটি পোনা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫ পয়সায়। জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান বলেন, হ্যাচারিতে উৎপাদিত পোনার মান নিয়ন্ত্রণ এবং মান যাচাইয়ের জন্য সরকার নীতিমালা তৈরির কাজ করছে। এ বছরের মধ্যে নীতিমালা তৈরির কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। নীতিমালা হয়ে গেলে হ্যাচারি-শিল্পের এ সমস্যা আর থাকবে না।