আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, মৌসুমি চাঁদাবাজেরা চাঁদাবাজির নতুন নতুন দোকান খুলে বসেছে। বিশেষ বিশেষ দিবস এলেই এরা নেতা-নেত্রীর ছবি লাগিয়ে, পোস্টার ছাপিয়ে চাঁদাবাজি শুরু করে।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গতকাল মঙ্গলবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ সমাবেশের আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন নেতা-নেত্রীর ছবি ব্যবহার করতে পারবে না। অন্য কোনো সংগঠন নেতা-নেত্রীর ছবি ব্যবহার করলে অনুমতি লাগবে। সমাবেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিরোধীদলীয় নেত্রী আন্দোলন-সংগ্রামের হুমকি দিচ্ছেন।যুবলীগের নেতা মহিউদ্দিন মহির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ওমর ফারুক চৌধুরী, সাংসদ মির্জা আজম, হারুনুর রশিদ প্রমুখ।