মৌসুমি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি স্থল ভাগের ওপর আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। প্রসংগত, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে রায়মঙ্গল নদীর পাড় দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করে। আবহাওয়া দপ্তর থেকে এসব কথা জানানো হয়েছে।দপ্তর সূত্র জানায়, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, ঢাকা, বরিশালসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় জানা গেছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরগুলো ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল হয়ে পড়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।নিম্নচাপের প্রভাব পড়তে পারে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে। এসব স্থান স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।