মৌসুমি ফল বিষমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের মৌসুমি ফল বিষমুক্ত (ফরমালিন) নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শুক্রবার বেলা ১১টায় কলাবাগানে পবা কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। ‘মৌসুমি ফল উৎপাদনে বিষ, বিপন্ন মানুষ-বিপন্ন প্রকৃতি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে পবা।
বৈঠকে বক্তারা বলেন, কয়েক দিনের মধ্যেই বাজারে আম, লিচু, জাম, আনারস, কাঁঠাল ইত্যাদি সুস্বাদু ও তৃপ্তিদায়ক ফল বাজারে আসতে শুরু করবে। কিন্তু নিরাপদ মৌসুমি ফল পাওয়া নিয়ে জনমনে শঙ্কা কাটছে না। কারণ, গত কয়েক বছর মৌসুমি ফলের উৎপাদনে ব্যাপকভাবে বিষের ব্যবহার করা হয়েছে। ফল উৎপাদনে বিষের ব্যবহার বন্ধ করতে হবে। জীবন ও প্রকৃতি বিপন্ন হওয়ার আশঙ্কা থেকে সবাইকে মুক্তি দিতে হবে।
বক্তারা বলেন, বর্তমানে ফলমূল, খাদ্যে বিষ ও ভেজাল মিশ্রণ চরম আকার ধারণ করেছে। এতে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। রাসায়নিক বিষ মেশানো ফল খেয়ে মানুষ শ্বাসকষ্ট, অ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট হয়ে যাওয়া, ক্যানসারসহ দীর্ঘমেয়াদি নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। খাদ্যের মতো এমন একটি স্পর্শকাতর বিষয়ের বিশুদ্ধতা নিশ্চিত করতে সরকারকে অনেক বেশি তৎপর হতে হবে।
বৈঠকে বক্তারা খাদ্যে ভেজাল বন্ধে ১০টি সুপারিশ করেছেন। সেগুলো হলো, কৃষি উৎপাদন থেকে জোগানের প্রতিটি ধাপে পরিবেশসম্মত ব্যবস্থাপনা গড়ে তোলা। খাদ্যে ক্ষতিকর সব ধরনের রাসায়নিক ব্যবহার বন্ধ ও নিরাপদ খাদ্য আইন-২০১৩ এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫ দ্রুত বাস্তবায়ন। প্রতিটি জেলায় খাদ্য আদালত স্থাপন। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয়সংখ্যক খাদ্য পর্যবেক্ষক নিয়োগ ও কৃষি আদালত গঠন। নিষিদ্ধ রাসায়নিক পদার্থের আমদানিকারক ও ব্যবহারকারী এবং লেবেল ছাড়া কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। সময়োপযোগী কীটনাশক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন। দেশের চাহিদা অনুযায়ী টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানি। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণব্যবস্থা জোরদারকরণ এবং আইনের যথাযথ প্রয়োগ। দেশে জৈব কৃষিব্যবস্থার প্রচলন ও একে জনপ্রিয় করে তোলা।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদের সভাপতিত্বে মূল আলোচনা উপস্থাপন করেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী। পবার চেয়ারম্যান আবু নাসের খান, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের (বিএআরসি) সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান আকন্দ চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক পরিচালক ফরমুজুল হক, গাইনি বিশেষজ্ঞ বিলকিস বেগম চৌধুরী, ইনোভেশন ইন সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক জিয়ারুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।