মৌসুমি বায়ু আসছে না, ভাপসা গরমে নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা শুরুর আগেই মে মাসের পুরো সময়জুড়ে সারা দেশে অঝোর ধারায় বৃষ্টি হয়ে গেল। কিন্তু বর্ষা ঋতু শুরুর নিয়মিত সময় অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ পেরিয়ে যেতে শুরু করলেও এখন আর বৃষ্টির দেখা নেই। উল্টো কাঠফাটা রোদ আর ভাপসা গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে। হাঁসফাঁস করছে সারা দেশের মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, মৌসুমি বায়ু আসতে দেরি হওয়ার কারণেই এই চরম গরম অনুভূত হচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

আবহাওয়া অফিসের আজ বৃহস্পতিবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী বিভাগসহ খুলনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে যেতে পারে।

মৌসুমি বায়ুর যাত্রাপথ জানাতে গিয়ে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তা দেশের কক্সবাজার উপকূল দিয়ে প্রবেশ করতে পারে।

গতকাল সিলেট ছাড়া দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত হয়নি বললেই চলে। সিলেটে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার, খুলনায় ১৯, সৈয়দপুরে ৩ ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।