মৌসুমি বায়ুর দাপটে ভারী বৃষ্টি

মৌসুমি বায়ুর দাপট রয়েছে দেশজুড়ে। এর প্রভাবে আজ শুক্রবার সকাল থেকে মোটামুটি ভারী বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের উপকূলীয় এলাকায়। আজ ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় দেশের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজ সকালের রাজধানী ঢাকায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টা খানেক থেমে থেমে বজ্রপাত হয়েছে। দিনভর আকাশ ছিল মেঘলা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল হাসনাত প্রথম আলো ডটকমকে জানান, এমন অবস্থা থাকবে আরও প্রায় দুই দিন। তিনি আরও জানান, বেশ কয়েক মৌসুম পর এবার বৈশাখ ও আশ্বিনের আবহাওয়ার মধ্যে সামঞ্জস্য রয়েছে। তবে বৈশাখের মতো ঝোড়ো হাওয়া না থাকলেও বজ্রপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে হালকা থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।