মৌসুমি বায়ু দুর্বল তাই দাবদাহ পিছু ছাড়ছে না
আবহাওয়ার কাগজে-কলমের হিসাবে এখন বর্ষা মৌসুম শুরু হয়েছে। চলতি মাসের জন্য আবহাওয়া বিভাগের দেওয়া পূর্বাভাসেও আজ রোববার থেকে বাংলাদেশে মৌসুমি বায়ু বা বর্ষা আসার কথা। কিন্তু প্রকৃতিতে এখনো চলছে চৈত্রের দাপট। বাতাসে আগুনের হলকা টের পাচ্ছে রাজধানীবাসী। বৃষ্টির বদলে রাজধানীসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে দাবদাহ চলছে। আবহাওয়া বিভাগ বলছে, এই দাবদাহ আজও অব্যাহত থাকবে। আবহাওয়াবিদেরা বলছেন, এবার বঙ্গোপসাগর হয়ে আসা মৌসুমি বায়ুটি বাংলাদেশের ওপর দুর্বল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুটি কক্সবাজার-চট্টগ্রাম উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও এর বেগ ও জলীয় বাষ্প বেশ কম। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর পশ্চিমা লঘুচাপটি এখনো শক্তিশালী অবস্থায় রয়েছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের ওপর শক্তিশালীভাবে অবস্থান করছে। ফলে খুলনা, বরিশাল বিভাগসহ দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারছে না। আর এর ফলে সূর্য্যের তাপ বেশি অনুভূত হচ্ছে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে রংপুর ও সিলেট বিভাগের অধিবাসীরা কিছুটা হলেও বৃষ্টির দেখা পেয়েছে। গতকাল রংপুরে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটে বৃষ্টিপাত ছিল ২৪ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, মাসের শুরুতে মৌসুমি বায়ুটি বেশ শক্তিশালীভাবে বাংলাদেশের উপকূলের দিকে এসেছিল। কিন্তু উল্টো দিক থেকে পশ্চিমা লঘুচাপ আরও শক্তিশালী হয়ে মৌসুমি বায়ুটিকে বাংলাদেশের ওপর বিস্তৃত হতে বাধা সৃষ্টি করছে। শক্তিশালী এই গরম বায়ুচাপটির কারণেই দাবদাহের সৃষ্টি হয়েছে। দুর্বল মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি কম হওয়ায় তাপমাত্রা আরও বেড়ে গেছে। আজ রাতে (শনিবার) মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তুলে ধরে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ওপর বিস্তৃত হতে পারে।