মৌসুমি বায়ু সক্রিয় আজও বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে
দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। আজও দেশের বেশির ভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি রোপা আমনের বীজতলা তৈরির জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে বলে কৃষি পূর্বাভাসে বলা হয়েছে।আবহাওয়া দপ্তর জানায়, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের দুই প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বরিশাল, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম এলাকার নদীতীরবর্তী এলাকায় ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।আবহাওয়া বিভাগ জানায়, গতকাল চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিলেটে ৬৩ ও সাতক্ষীরায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার পানি নিয়মিত বাড়ছে। আজও পানি বৃদ্ধির হার অব্যাহত থাকবে।