মৌসুমি বায়ু সক্রিয় ভারী বৃষ্টির পাশাপাশি ভূমিধসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা ও চট্টগ্রামসহ তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে গতকাল মঙ্গলবার জানানো হয়, মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গত সোমবার চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করে। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে টেকনাফ, কক্সবাজার ও তৎসলগ্ন পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।