পথের পাশে পাশে খড়ের পালা। গ্রাম-গঞ্জে এমন দৃশ্য খুব স্বাভাবিক হলেও নগরের রাস্তায় সচরাচর তা চোখে পড়ে না। তবে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন পশুর হাট তো বটেই, বিভিন্ন কাঁচাবাজার ও সড়কের পাশেও খড়-চাটাইয়ের দেখা মিলছে। পশু কেনা শেষে গাছের গুঁড়ি, বাঁশের টুকরি, ভুসি বা ঘাস নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। ঈদের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে আনুষঙ্গিক পণ্যের মৌসুমি ব্যবসা। চলছে দা-বঁটি, ছুরি বিক্রিও।
গত দুদিন নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পশুর মাংস কাটাকাটির জন্য গাছের গুঁড়ি, চাটাই, মাংস বহনের টুকরির চাহিদা বেশ বেড়েছে। বিবির হাট, সাগরিকাসহ বিভিন্ন পশুর হাটের পাশে এসব মৌসুমি জিনিস বিক্রির অস্থায়ী দোকানের সংখ্যা বেশি। এ ছাড়া দুই নম্বর গেট, ওয়াসার মোড়, কাজীর দেউড়ি, কাতালগঞ্জ, পাঁচলাইশ, আগ্রাবাদসহ নগরের বিভিন্ন মোড় ও পাড়া-মহল্লার ফুটপাতেও বসেছে এসব পণ্য বিক্রির অস্থায়ী দোকান।
বুধবার বেলা দুইটায় নগরের দুই নম্বর গেট এলাকায় কথা হয় খড় বিক্রেতা কাঞ্চনের সঙ্গে। তিনি বলেন, গত তিন বছর এক বন্ধুসহ এই মৌসুমি ব্যবসা করছেন তিনি। মোটামুটি লাভ থাকে।
শাহ আলম নামের আরেক মৌসুমি বিক্রেতা বলেন, পটিয়া থেকে খড় ও ঘাস কিনে এনে বিক্রি করছেন। প্রতি আঁটিতে ২০ টাকার মতো লাভ থাকছে।
দুই নম্বর গেট রেলক্রসিং এলাকায় গাছের গুঁড়ি ও বঁটি কিনতে আসেন চাকরিজীবী আবদুল হাই। তিনি বলেন, ৫০০ টাকায় একটি বঁটি ও ২৪০ টাকায় একটি গাছের গুঁড়ি কিনেছেন তিনি।
নগর ঘুরে দেখা যায়, খড়ের ছোট আঁটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বড় আঁটি কিনতে গুনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। ৩০ থেকে ৪০ টাকায় মিলছে তাজা ঘাসের আঁটি। আর পশুর হাড়-মাংস কাটার জন্য ব্যবহৃত গাছের গুঁড়ি এবং চাটাই ও টুকরির দাম নির্ভর করছে আকারের ওপর। ছোট আকারের চাটাই পাওয়া যাচ্ছে ১০০ টাকায়, মাঝারি ১৫০ ও বড় আকারের চাটাই বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। টুকরির দাম পড়ছে ১০০ থেকে ১৫০ টাকা। প্রতি কেজি ভুসি পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকায়।
এদিকে নতুন ছুরি, বঁটি ও চাপাতির বিক্রিও বেড়েছে। ১০০ থেকে ৮০০ টাকায় নতুন দা-বঁটি, ছুরি ১০০ থেকে ৩০০ টাকায়, চাপাতি ৫০০ থেকে ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। অনেকে পুরোনো দা-বঁটি শাণিয়ে নেবার জন্য ভিড় করছেন কামারের দোকানে।