মৌসুমের শুরুতে বৃষ্টি, ক্ষয়ক্ষতি ও ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে ইটভাটার কয়েক লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে ইটভাটার মালিকেরা কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এবার মৌসুমের শুরুতেই ইট তৈরির উপযোগী রোদ পেয়ে ভাটার মালিকেরা আগাম ইট তৈরিতে নেমে পড়েন।

দুপচাঁচিয়া-কাহালু উপজেলার নাগর নদের দুই তীরে গড়ে ওঠা অন্তত ১৫টি ইটভাটা এ ক্ষতির শিকার হয়। গতকাল বৃহস্পতিবার দুই উপজেলার কয়েকটি ভাটায় সরেজমিনে দেখা যায়, নতুন মৌসুমে বানানো কাঁচা ইটগুলো খোলা মাঠেই রাখা ছিল। সারি করে গুছিয়ে রাখা ইটগুলো বৃষ্টির পানিতে গলে কাদা হয়ে গেছে।

মেসার্স এফএনএইচ ব্রিকস বীরকেদার বারোমাইলে অবস্থিত। এই ভাটায় ইট তৈরির শ্রমিক সর্দার দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা মৌসুমের ইট তৈরির জন্য ছয় মাস আগেই ভাটার মালিকদের কাছ থেকে আগাম টাকা নিই। এবার মৌসুমের শুরু থেকেই আবহাওয়া শুষ্ক ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে তৈরি করা সব ইট নষ্ট হয়ে গেল। আকাশ ভালো না হলে আর ইট তৈরি করা যাবে না। তখন আবার শ্রমিকদের খোরাকি দিতে হবে।’

একই ভাটার ব্যবস্থাপক মফছের আলী বলেন, প্রতিবছরই এ রকম সময়ে ইট তৈরির কাজ শুরু হয় ভাটায়। ইট তৈরির শ্রমিকেরা শুধু ফর্মা দিয়ে ইট তৈরি করে মাঠে ফেললেই টাকা পাবেন। কিন্তু ইট নষ্ট হলে ক্ষতি মালিকের। গত এক সপ্তাহে তাঁর ভাটায় ইট তৈরির তিনটি কলে (মিলে) লাখ তিনেক ইট তৈরি হয়েছিল। এক দিনের বৃষ্টিতে তা কাদায় পরিণত হয়েছে। এখন একদিকে খলা (মাঠ) পরিষ্কার আর অন্যদিকে তৈরি ইট নষ্ট হওয়ায় লাখ পাঁচেক টাকার ক্ষতি হয়েছে তাঁর।

কাহালু ও দুপচাঁচিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজি নুরুল হক তালুকদার বলেন, ‘নাগর নদের দুই পাশ দিয়ে কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় ১৫টি ভাটা গড়ে উঠেছে। সবগুলো ভাটায় ইট তৈরির কাজ চলছে। এসব ভাটায় প্রায় আধা কোটি কাঁচা ইট নষ্ট হয়েছে। শুধু ইট নষ্টই নয়, এরপর যেখানে আবার ইট বানানো হবে, সেই খলাও কাদায় নষ্ট হয়েছে। এতে ভাটার মালিকদের কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’

এদিকে আমাদের রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল সকাল থেকে বৃষ্টি হয়। মৌসুমের এ সময়ে উপজেলার জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাতটার পর থেকেই শুরু হয় বৃষ্টি। বিদ্যালয়গামী শিশুশিক্ষার্থীদের পড়তে হয় বিড়ম্বনায়। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। এবার উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার।