যান্ত্রিক ত্রুটির কারণে বিপর্যয়ে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে দৈনিক ১২ ঘণ্টা কারখানা বন্ধ থাকছে। ৭৬ বছরের পুরোনো যন্ত্রপাতি দিয়ে চলায় প্রতি মাড়াই মৌসুমে বিপর্যয়ে পড়ছে চিনিকলটি।
৫ ডিসেম্বর দুপুরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ২০১৪-১৫ মৌসুমের আখমাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন। চলতি মৌসুমে এক লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে আট হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে চিনিকলের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, উদ্বোধনের চার দিন পর ৯ ডিসেম্বর সকাল ১০টায় প্রথম যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কারখানার টারবাইনে সমস্যা সৃষ্টি হওয়ায় টানা চার ঘণ্টা বন্ধ থাকে। মেরামতের পর দুপুর দুইটায় কারখানা আবার চালু করা হয়। পরের দিন সকালে আখবাহী ডুঙ্গায় (কেন ক্যারিয়ারে) সমস্যা সৃষ্টি হওয়ায় মাড়াই বন্ধ হয়ে পড়ে। পাঁচ ঘণ্টা চেষ্টার পর ত্রুটি মেরামত করা হয়। এরপর দুপুরে মাড়াই শুরু হলে আধা ঘণ্টার মাথায় ইনজেকশন পাম্পে বড় ধরনের গোলযোগ দেখা দেয় এবং উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। টানা ৩১ ঘণ্টা পর ১১ ডিসেম্বর রাত ১০টায় কারখানা কোনোরকম চালু করা হয়। কিন্তু দুই ঘণ্টার মাথায় আবার সমস্যা দেখা হয়। এরপর বিকল্প পদ্ধতিতে দুই ঘণ্টা চালু ও দুই ঘণ্টা বন্ধ পদ্ধতিতে দৈনিক ১২ ঘণ্টা কারখানা চালু রাখার হচ্ছে। সে হিসাবে দৈনিক ১২ ঘণ্টা বন্ধ থাকছে কেরু চিনিকল।
কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত। ৭৬ বছরের পুরোনো যন্ত্রপাতি দিয়ে চলছে কারখানাটি। প্রতিটি মাড়াই মৌসুমে যন্ত্রপাতি এভাবেই ভেঙে ভেঙে কাজ চলছে। এদিকে এ পদ্ধতিতে কারখানা চলায় চিনি উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে।
কারখানা সূত্রে জানা গেছে, ২০১১-১২ থেকে সর্বশেষ ২০১৩-১৪ পর্যন্ত কোনো মৌসুমেই কেরু লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। ২০১১-১২ মৌসুমে ৮০ মাড়াই দিবসে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৫৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে। ওই মৌসুমে ৫৮ দিন চলার পরই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ৬৩ হাজার ৫৩৬ মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ১৮৮ দশমিক ৩৫ মেট্রিক টন চিনি উৎপাদন করে।
২০১২-১৩ মৌসুমে ৭৯ হাজার ৮৯ মেট্রিক টন আখমাড়াই করেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। নয় হাজার ৮৯ মেট্রিক টন আখমাড়াই করে চিনি উৎপাদন করে চার হাজার ৯৩৫ মেট্রিক টন।
কারখানার এ অবস্থায় আখ বিক্রির জন্য আসা অসংখ্য আখচাষি বিপাকে পড়েছেন। দিনের পর দিন আখবোঝাই গাড়ি নিয়ে তাঁদের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজিজুর রহমান বলেন, কেরুর চিনি উৎপাদন কার্যক্রমে স্টিম পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু ইনজেকশন পাম্প বিকল হয়ে পড়ায় প্রয়োজনীয় পানির জোগান মিলছে না। মেরামত করে কারখানা পুরোদমে চালু করতে অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে। এ ছাড়া শিল্পমন্ত্রী ৪৭ কোটি টাকা ব্যয়ে নতুন যন্ত্র আনা হবে বলে ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।