মৌসুমের শুরুতেই দাম কম দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বাজারে নতুন বোরো ধান কেনাবেচা শুরু হয়েছে। তবে গত বছর বোরো মৌসুমের শুরুতে যে ধান বিক্রি হয়েছে ৯৫০ টাকা মণ দরে, সেই ধান এবার বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মুশিদুল ইসলাম বলেন, এবার বোরোর ফলন ভালো হলেও বাজার মন্দার কারণে কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না। বর্তমানে ৪৫০ থেকে ৫০০ টাকা মণ দরে ধান কেনাবেচা হচ্ছে। বাজার মন্দার নেপথ্যে ব্যবসায়ীদের কারসাজি থাকতে পারে।
কুষ্টিয়ার খাজানগরসহ দেশের বড় বড় পাইকারি চালের মোকামে রেকর্ড পরিমাণ ধানের জোগান যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা হাট থেকে। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, হাটে প্রায় ৫০ ট্রাক বোরো ধানের আমদানি হয়েছে। এ সময় ক্রেতা-বিক্রেতারা বলেন, বাজারে ধানের আমদানি বাড়লেও দাম বাড়ছে না। আগামী সপ্তাহে পুরোদমে ধান কাটা শুরু হলে আমদানি বেড়ে যাওয়ার সঙ্গে দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রনবাঘা হাটে ধান বিক্রি করতে আসা কৃষক, আড়তদার এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এই হাটে ধান কেনাবেচা শুরু হয়েছিল এপ্রিল মাসে। তখন প্রতি মণ মিনিকেট জাতের চিকন ধান গড়ে ৯৫০ টাকা দরে বিক্রি হয়েছে। অথচ এবার এই ধান ৪৫০ থেকে ৫০০ টাকায় কেনাবেচা হচ্ছে।
রনবাঘা হাটের ধান ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, বাজারে বর্তমানে স্থানীয়ভাবে মিনিকেট নামে পরিচিত চিকন ধান কেনাবেচা হচ্ছে। শুরুতে এই ধানের দাম ৪০০ থেকে ৪৫০ টাকায় কেনাবেচা হলেও বর্তমানে তা ৫০০ থেকে ৫৫০ টাকায় কেনাবেচা হচ্ছে। মোটা ধানের অল্প আমদানি হলেও দাম ৪৫০ থেকে ৪৭০ টাকার মধ্যে রয়েছে।
কুষ্টিয়ার খাজানগর থেকে চাল কিনতে আসা ব্যবসায়ী শাহিনুর ইসলাম বলেন, খাজানগরের চার শতাধিক চালকলের ধানের জোগান যায় এই রনবাঘা হাট থেকে। প্রতিদিন ধানের চাহিদা কমপক্ষে ৩০০ ট্রাক। কিন্তু এখনো পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু না হওয়ায় গড়ে ৪০ থেকে ৫০ ট্রাকের বেশি ধান মিলছে না এখানে।
নন্দীগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের কৃষক আবদুল মজিদ বলেন, এবার অতিরিক্ত খরার কারণে সেচ খরচ বেড়ে যাওয়ায় বোরোর উৎপাদন খরচও পড়েছে বেশি। গতবার বিঘায় গড়ে ছয় হাজার টাকা উৎপাদন খরচ হলেও এবার তা ৮ থেকে ১০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। অথচ বিঘায় উৎপাদন হচ্ছে ১৬ মণ ধান। ৫০০ টাকা মণ ধান বিক্রি করে বিঘায় লোকসান গুনতে হচ্ছে গড়ে দুই হাজার টাকা। প্রায় একই ধরনের কথা বলেন তিরাল গ্রামের আবু জাহের, মথুরাপুরের আবদুস সোবহান হোসেনসহ ১০-১২ জন।