মৌসুমের শুরুতেই মংলার চিংড়িঘেরগুলোয় মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালী, সাহেবের মঠ, চাঁদপাই, ঠোঁটারডাংগা, জয়খাসহ আশপাশের এলাকার চিংড়িঘেরগুলোতে মৌসুমের শুরুতেই মড়ক দেখা দিয়েছে। এতে আশঙ্কাজনক হারে মাছ মরে যাওয়ায় হাজার হাজার চিংড়িচাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। মড়কের কারণে এবার এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম বাগদা উৎপাদন হওয়ার আশঙ্কা করছেন চিংড়িচাষিরা।উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলার সাড়ে ১২ হাজার হেক্টর কৃষি জমির মধ্যে ১১ হাজার ১৩৭ হেক্টরে বাগদা চিংড়ি চাষ হয়। এখানে ছোট-বড় মিলিয়ে ঘেরের সংখ্যা ৫৪৮০টি। গত বছর এখানে বাগদা উৎপাদিত হয়েছে তিন হাজার ৭৯০ মেট্রিক টন। মড়কের কারণে এবার উৎপাদন এক হাজার মেট্রিক টন কম হওয়ার আশঙ্কা করেছেন চিংড়িচাষিরা।চিংড়িচাষিরা জানান, অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে, আবার কেউ কেউ মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে এবং কোনো কোনো ব্যক্তি ও ব্যবসায়ী অন্যের জমি ইজারা নিয়ে বাগদা চাষ করছেন। কিন্তু বাগদার পোনা ঘেরে ছাড়ার দেড়-দুই মাসের মধ্যেই অনেক ঘেরে ব্যাপকহারে মড়ক লেগেছে।চাঁদপাই গ্রামের চিংড়িচাষি আবদুল্লাহ জানান, ফেব্রুয়ারি মাসে ঘেরে পোনা ছাড়ার পর সম্প্রতি বাগদা ধরতে গিয়ে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। বর্তমান অমাবস্যার সময় প্রচুর মাছ পাওয়ার কথা থাকলেও অধিকাংশ ঘেরই মাছশূন্য। ভাইরাসের কারণে ঘেরে মাছ মরে ভেসে উঠছে। যে সামান্য পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তার অধিকাংশই দুর্বল। মিঠেখালী গ্রামের ব্যবসায়ী মাহামুদ হাসান জানান, চাঁদপাই ইউনিয়নের জয়খা এলাকায় শতাধিক বিঘা জমিতে তিনি এবার বাগদা চাষ করেছেন। কিন্তু ভাইরাসের কারণে অধিকাংশ মাছ মরে যাওয়ায় শেষ পর্যন্ত পুঁজি উঠবে কি না তা নিয়ে সংশয়ে আছেন।মংলা উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই জানান, গত কয়েক বারের চেয়ে এবার মাছ মরার ব্যাপকতা বেশি হওয়ায় প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে।মংলা উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান বিভিন্ন ঘেরের বাগদা মরে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘নানা কারণে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। হঠাৎ বৃষ্টিতে লবণ পানির ঘেরে একধরনের এসিড তৈরি হয়। ঘের তৈরি করার সময় চাষিরা ঘেরের মাটির সঠিক পরিচর্যা করেন না, জমির ব্যাকটেরিয়া মারার জন্য যে পরিমাণ চুন ব্যবহার করার দরকার তাও ঠিকমতো করেন না। এ ছাড়া নিয়মিত উপযুক্ত খাদ্য সরবরাহ না করা, পানি পরিবর্তন ও বায়ু সঞ্চালনের ব্যবস্থা না করার কারণেও মাছ মারা যাচ্ছে। আর কোনো এলাকায় মড়ক লাগার খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ব্যবস্থা নিই।’