মৌয়ালদের ৫০ মণ মধু ও টাকা লুট
সুন্দরবনের পশ্চিম বন বিভাগের অধীন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৌয়ালদের দুটি নৌকা থেকে ৫০ মণ মধু ও ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ভারতীয় বনদস্যুরা। গত শনিবার এ ঘটনা ঘটে।
শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের ফারুক কয়াল জানান, ৫ এপ্রিল পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে তিনিসহ ১২ জন সুন্দরবনে যান।
তিনি আরও জানান, মধু সংগ্রহের পর গত শনিবার বাড়ি ফেরার পথে গোলবুনিয়া খালে ভারতীয় বনদস্যুরা তাঁদের দুটি নৌকায় হামলা চালায়। এ সময় বনদস্যুরা নৌকাগুলো থেকে ৫০ মণ মধু ও ৪০ হাজার টাকা লুট করে নিয়ে সীমান্ত নদী রায়মঙ্গল দিয়ে ভারতের দিকে চলে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তাঁর কাছে কেউ অভিযোগও করেনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগীর মিঞা জানান, তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি। সাধারণত জেলে, বাওয়ালি ও মৌয়ালরা বনদস্যুদের হামলার শিকার হলে তাঁরা আইনপ্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানান না।