মৌয়ালরা এবারও আতঙ্কে বেড়েছে চাঁদার পরিমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে মধু সংগ্রহ মৌসুম শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। মধু সংগ্রহের জন্য বনে ঢুকতে মৌয়ালদের প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু বনদস্যুরা নৌকাপ্রতি ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করায় তাঁরা এখন আতঙ্কে আছেন। বন বিভাগ দাবি করেছে, মৌয়ালরা কোনো অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
মৌয়ালরা জানান, এপ্রিল ও মে মাসে তাঁরা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের অধীন এলাকা থেকে মধু সংগ্রহ করেন। তাঁদের পূর্বপুরুষরা বাঘ আক্রমণ করতে পারে—এই আশঙ্কা নিয়ে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে ঢুকতেন। আর এখন সেই ঝুঁকির পাশাপাশি বনদস্যুদের হামলার আশঙ্কা নিয়ে তাঁদের বনে যেতে হচ্ছে।
সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মৌয়াল আজগর আলী জানান, এবার আবহাওয়া ভালো থাকায় মধু সংগ্রহের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বনদস্যুদের তৎপরতার কথা ভেবে আশাবাদী হওয়া যাচ্ছে না। বুড়িগোয়ালিনী গ্রামের ছমির শেখ জানান, তাদের সাত সদস্যের একটি দল মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বনদস্যুদের পক্ষ থেকে তাঁদের আগেভাগেই নৌকাপ্রতি ২০ হাজার টাকা দিয়ে বনে ঢোকার অনুমতি নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পশ্চিম সুন্দরবনে তৎপর চার-পাঁচটি বনদস্যু বাহিনীকে একই হারে চাঁদার টাকা দিতে গেলে চালান তুলে আনাই কঠিন হবে।
শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী এলাকার মৌয়ালদের কয়েকজন সরদার বলেন, এবার মধু বেশি হওয়ার সম্ভাবনা থাকায় বনদস্যুরা চাঁদার অঙ্ক বাড়িয়ে দিয়েছে। গত বছর নৌকাপ্রতি এক মাসের জন্য দিতে হয়েছে ১০-১৫ হাজার টাকা। এবার দাবি করা হচ্ছে ২০-২৫ হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মৌয়াল জানান, মধু ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে তাঁদের বনে যেতে হয়। কিন্তু বনদস্যুদের টাকা, দাদনের সুদ ও আসল, বন বিভাগের টাকাসহ অন্যান্য খরচ করে বন থেকে ফিরে লোকসানে পড়তে হয় কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মৌয়ালরা জানান, আমিনুর, খোকা বাবু, জাহাঙ্গীর, আলীম, মনজু ও রুহুল আমিন বাহিনীর পক্ষের লোকজন চাঁদার টাকা আদায় করছে। এবার প্রতি মাসের জন্য মৌয়ালদের নৌকাপ্রতি ২০-২৫ হাজার টাকা দিতে হবে। এক মাস পরে আবারও বনে ঢুকতে হলে বনদস্যুদের নতুন করে টাকা পরিশোধ করে অনুমতি নিতে হবে।
মৌয়ালরা দাবি করেন, মধু সংগ্রহের মৌসুমে সুন্দরবনের গহিনে কোস্টগার্ডের পাশাপাশি র‌্যাব ও পুলিশের সার্বক্ষণিক টহল দেওয়ার ব্যবস্থা করলে মৌয়ালরা নির্বিঘ্নে মধু ও মোম সংগ্রহ করতে পারবেন।
খোকা বাবু বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা সুফিয়ান গাজী গত মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন। বুধবার থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি বলেন, ‘আমাদের ২৫-৩০ জনের দল চালাতে টাকা দরকার। আমাদের যারা শেল্টার দেয়, তাদেরও টাকা দিতে হয়।’
সুন্দরবনের পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক কেরামত আলী জানান, সুন্দরবনে সব সময় বনদস্যুদের তৎপরতা কমবেশি ছিল। এখনো রয়েছে। বনে ঢোকার আগে মৌয়ালরা তাদের সঙ্গে সমঝোতা করে বলে তিনি শুনেছেন। এসব বিষয়ে মৌয়ালরা বন বিভাগের কাছে কোনো অভিযোগ করে না। এমনকি বনদস্যুদের আটকের ব্যাপারে তাঁদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিঞা জানান, বনজীবীরা বনদস্যুদের হাতে নির্যাতিত হলেও পুলিশের কাছে অভিযোগ করেন না। বরং তাঁরা গোপনে মিটিয়ে নেন। সুন্দরবন অনেক বড় এলাকা। বনজীবীদের সহযোগিতা পেলে বনদস্যুদের তৎপরতা বন্ধ করা সম্ভব।