ম্যাক্স পাওয়ার বিদ্যুৎকেন্দ্র কাল উৎপাদনে যাচ্ছে
নরসিংদীর ঘোড়াশালের ৭৮ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ম্যাক্স পাওয়ার কাল বুধবার থেকে উৎপাদন শুরু করতে যাচ্ছে। প্রথম ধাপে চারটির মধ্যে দুটি ইউনিটে উৎপাদন শুরু হবে। অপর দুটি ইউনিট উৎপাদনে যাবে মে মাসের প্রথম দিকে। ম্যাক্স পাওয়ারের প্রকৌশলীরা গতকাল সোমবার এসব তথ্য জানান। বিদ্যুৎকেন্দ্রটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী রণদা প্রসাদ রায় বলেন, প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজনীয় গ্যাস আজ মঙ্গলবার থেকে পাওয়ার কথা। পরদিন বুধবার উৎপাদন শুরু হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে শুরুতে ২০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। ধীরে ধীরে পূর্ণ ক্ষমতায় উৎপাদনে যেতে সক্ষম হবে কেন্দ্রটি।প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৭৮ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বেসরকারি কেন্দ্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। গ্যাস দিয়ে উৎপাদন পরিচালনার জন্য ম্যাক্স পাওয়ার নামে দেশীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হয়।স্থাপিত মোট চার ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা প্রায় ২০ মেগাওয়াট। চুক্তি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটি চলতি বছরের ২৭ ফেব্রুয়ারির মধ্যে উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু দুবাই থেকে কেন্দ্রের যন্ত্রাংশবাহী জাহাজটি বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়ে। তাই যন্ত্রাংশ পৌঁছাতে দেরি হয়ে যায়। তা ছাড়া জলদস্যুরা অনেক কেব্লও নষ্ট করে ফেলে। ফলে চারটির মধ্যে দুটি ইউনিটে সমস্যা দেখা দেয়। নতুন করে দুবাই থেকে আবার দুটি ইউনিট আনা হয়েছে। সেগুলো বর্তমানে চট্টগ্রাম বন্দরে আছে।জিই এরো এনার্জি লিমিটেডের বিদ্যুৎ প্রকৌশলী মো. রহিম জানান, এই ধরনের কেন্দ্র স্থাপনে সুবিধা হলো, ইউনিট সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আসে। ঘোড়াশালে শুধু বসানোর কাজটি করতে হচ্ছে। সুতরাং বাকি দুটি ইউনিট আসামাত্র দ্রুত উৎপাদনে যাওয়া সম্ভব হবে।