প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বহুস্তর বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় দুদকের পক্ষে উপপরিচালক নূর হোসেন খান মামলাটি করেন৷ মামলা নম্বর ২৪।
ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ম্যাক্সিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান৷ দুদকের করা মামলার আসামিরা হলেন ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যান মুহাম্মদ মফিজুল হক, এমডি মোহাম্মদ হাবিবুর রহমান এবং ২০ পরিচালক যথাক্রমে মুহাম্মদ হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম, এইচ এম আমিরুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ সোলাইমান সরোয়ার, হারুন অর রশিদ, শেখ আবদুল্লাহ আল মেহেদী, আবদুল মালেক, সৈয়দ জাহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, এম এ সাদী, আসলাম হোসাইন, মেহেদী হাসান মোজাফফ্র, ইমতিয়াজ হোসেন কাওসার ও মিজানুর রহমান।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এই ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন৷ তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ম্যাক্সিম গ্রুপের ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে ওই ২২ জন পরস্পরের যোগসাজশে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে এবং দ্বিগুণের বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে ৩০৪ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৬০৪ টাকা সংগ্রহ করেন। পরে তাঁরা ওই অর্থ ম্যাক্সিম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে এবং অর্থের উৎস গোপনের লক্ষ্যে ওই অর্থ স্থানান্তর করেন৷ দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাসের ১১৩টি শাখার মধ্যে সমবায় অধিদপ্তরের অনুমোদন রয়েছে মাত্র ২৫টির৷