ম্যাচ পাতানোয় জড়িতদের শাস্তি দাবি টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর ঘটনায় কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার জড়িত থাকার ঘটনাটিয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। এক বিবৃতিতে টিআইবি জানিয়েছে, আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি জাতীয় পর্যায়ে উচ্চক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ নিরপেক্ষ বিচারিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হোক। আইসিসিকে তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম পুনর্মূল্যায়ন এবং জোরদার করার আহ্বানও জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গতকাল ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য এক কালো দিবস। আপামর ক্রিকেটপ্রেমীদের মতো টিআইবিও দেশের জন্য সম্মানহানিকর এবং কলঙ্কজনক এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা ও এই জনপ্রিয় ও অপার সম্ভাবনাময় খেলায় সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করে এ দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী মানুষের আস্থা পুনরুদ্ধারে উদ্যোগী হবে।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে ক্রিকেট ও ফুটবলে জুয়াড়িদের সহায়তায় ম্যাচ পাতানোর ঘটনাগুলো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ডিসেম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আইসিসির কাছে বিশ্বের ক্রিকেটাঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বেশকিছু পরামর্শ দিয়েছিল। তারই ধারাবাহিকতায় টিআইবি ২০১১ সালের ডিসেম্বরে এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেশের ক্রিকেটাঙ্গনকে কলুষমুক্ত রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।