ম্যাচ ফ্যাক্টরিতে আগুন, আহত ২৫
সাভারের আশুলিয়ার জিরাব এলাকায় একটি ম্যাচ ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ‘কালার ম্যাচ বিডি’ নামের ওই কারখানায় আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বিকেলে হঠাৎ করে একতলা টিনশেড ভবনে আগুন লাগে। দ্রুত তা কারখানার সব জায়গায় ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ করছিলেন। আগুনে ও তাড়াতাড়ি বেরিয়ে আসতে গিয়ে ২৫ জন শ্রমিক আহত হন। এঁদের মধ্যে ১৮ জন আগুনে দগ্ধ হয়েছেন।
দগ্ধ ১৩ জনকে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, ডিইপিজেড, সাভার এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার কারণ বা নিহত হওয়ার কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।