নাটোরের কলেজশিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলায় দুই দিনে ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে একজন সাক্ষীকে আদালত বৈরী ঘোষণা করেছেন। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক একরামুল হক চৌধুরী গতকাল রোববার ও গত ২ নভেম্বর এই সাক্ষ্য গ্রহণ করেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকাল সাক্ষ্য দেন নাটোরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী বিচারিক হাকিম মাহমুদুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মৃত্যুসনদ প্রদানকারী চিকিৎসক হাসানুল আলম, নিহত মিজানুর রশিদের সহকর্মী নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের শিক্ষক হায়দুল ইসলাম, গোলাম মোস্তফা ওরফে দুলাল, শফিকুল ইসলাম ও মিজানুর রশিদের শ্যালক মারুফ হোসেন।২ নভেম্বর সাক্ষ্য দিয়েছিলেন মামলার বাদী মিজানুর রশিদের ভাই মামুনুর রশিদ, স্ত্রী রাজিয়া সুলতানা, লোকমানপুর কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বদিউজ্জামান এবং শিক্ষক ইমাম উদ্দিন, তোজাম্মেল হক চৌধুরী ও ওয়ালিউর রহমান।আদালত সূত্রে জানা গেছে, একজন ছাড়া বাকি সাক্ষীরা বলেছেন, আসামি আসিফ ও রাজনের মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মিজানুর রশিদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তবে সাক্ষীদের মধ্যে লোকমানপুর কলেজের শিক্ষক ইমাম উদ্দিনকে আদালত বৈরী ঘোষণা করেন। তিনি প্রথমে পুলিশের কাছে বলেছিলেন, আসামি আসিফ ও রাজন মোটরসাইকেল চালিয়ে এসে মিজানুরকে সামনের দিক থেকে আঘাত করেন। এরপর রাজন রড দিয়ে মিজানকে আঘাত করেন। কিন্তু আদালতে সাক্ষ্যে ইমাম উদ্দিন বলেন, মিজানুরকে কে কীভাবে আঘাত করেছিল, তা তিনি দেখেননি।মামলার বাদী মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ইমাম উদ্দিন এখন আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে মামলা ভিন্ন খাতে নেওয়ার জন্য তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত হন লোকমানপুর কলেজের প্রভাষক মিজানুর রশিদ। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৫ অক্টোবর তিনি মারা যান। মামলার পর পুলিশ দুই আসামি আবদুল আওয়াল ওরফে রাজন ও মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। নাটোরের অতিরিক্ত দায়রা জজ গত ২৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।