ম্যাজিস্ট্রেট লাঞ্ছনার পর ভেঙে দেওয়া হলো সুন্দরগঞ্জের সার্কাস
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সার্কাসের মঞ্চ ভাঙতে গিয়ে গত রোববার বিকেলে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত হন৷
এরপর গতকাল সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল উদ্দিন বিশ্বাস, (সার্বিক) আবু বক্কর সিদ্দিক এবং সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে সার্কাসটি ভেঙে দেন৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহমেদ ও মেজবাউল হক সুন্দরগঞ্জের বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সার্কাসের মঞ্চ ভাঙতে যান৷ তাঁরা সার্কাসের প্যান্ডেলের ভেতর ঢুকে সার্কাস প্রদর্শন বন্ধ করতে বলেন৷ এতে আয়োজকেরা ক্ষুব্ধ হয়ে হইচই শুরু করেন৷ একপর্যায়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলামের লোকজন ওই দুই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন৷
জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, ওই কলেজ মাঠে সার্কাসের নামে অশ্লীল নাচের আসর চালানো হচ্ছিল৷ অভিযোগ পেয়ে রোববার সেটি ভাঙার জন্য ম্যাজিস্ট্রেট পাঠানো হয়৷ কিন্তু স্থানীয় সাংসদ ও তাঁর লোকজন দুই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন৷ গতকাল সার্কাসটি ভেঙে দেওয়া হয়েছে৷
সাংসদ মনজুরুল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেটকে লাঞ্চিত করার অভিযোগ সঠিক নয়৷ ঘটনার সময় কলেজের একটি সভায় উপস্থিত ছিলাম৷ হইচই শুনে লোকজন পাঠিয়ে দুই ম্যাজিস্ট্রেটকে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসি৷’
সার্কাসের আয়োজক বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমেস উদ্দিন বলেন, ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত সার্কাস প্রদর্শনের জন্য অনুমতি দেন জেলা প্রশাসক৷ কিন্তু মেয়াদ শেষ না হতেই ওই দুই ম্যাজিস্ট্রেট গিয়ে সার্কাস প্রদর্শন বন্ধ করতে বললে অপ্রীতিকর ঘটনা ঘটে৷
নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের একজন বলেন, ‘জেলা প্রশাসকের তহবিলে ৫০ হাজার টাকা দিয়ে সার্কাসের অনুমতি নিয়েছি৷ প্রতিদিন ওই তহবিলে ১০ হাজার করে টাকা দিতে হয়৷ এরই মধ্যে প্রশাসনের লোকজন অতিরিক্ত টাকা দাবি করেন৷ টাকা দিতে অপারগতা জানালে জেলা প্রশাসক মঞ্চ ভেঙে দিতে ম্যাজিস্ট্রেট পাঠান৷ অথচ জেলায় ১০-১২টি স্থানে সার্কাস, যাত্রা ও জুয়া চলছে৷’ যোগাযোগ করা হলে জেলা প্রশাসক এ অভিযোগ অস্বীকার করেন৷