ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম বাজার কালীবাড়ী এলাকায় নিউ সুলভ বস্ত্রালয়ে চাঁদাবাজি করতে এসে অবরুদ্ধ ও ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হয়েছেন কুড়িগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ সাইফুর রহমান।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্যাট বিভাগের ম্যাজিস্ট্রেটসহ আটজনকে বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে কাপড়ের বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম বাজারে নিউ সুলভ বস্ত্রালয় গতকাল বেলা ১১টায় আনুষ্ঠানিক-ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর কুড়িগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি দল সেখানে আসেন। ওই প্রতিষ্ঠানের ব্যবসাসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। এ সময় দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে ক্যাশবই, ক্যাশবাক্সের চাবি জব্দ করেন তাঁরা। সিন্দুকের চাবি না থাকায় সেটি রড দিয়ে ভাঙার চেষ্টা করেন। ব্যবসায়ীরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলাপসিবল গেটে তালা লাগিয়ে তাঁদের অবরুদ্ধ করেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ব্যবসায়ীরা।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের শান্ত করে, অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যায়।
নিউ সুলভ বস্ত্রালয়ের মালিক গিয়াস উদ্দিন জানান, তাঁর অনুপস্থিতিতে কাস্টমসের লোকজন কাগজপত্র তল্লাশি করার নামে সিন্দুক ভাঙার চেষ্টা করেন। দোকানের বৈধ কাগজপত্র থাকার পরও তাঁরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় দোকানের মালামাল ও কাগজপত্র তছনছ করেন এবং সিন্দুক ভাঙার চেষ্টা করেন। বাধা দিলে দোকানের কর্মচারীদের লাঞ্ছিত করেন।
কুড়িগ্রাম চেম্বারস অব কমার্সের সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম জানান, একটি নতুন দোকান উদ্বোধনের দিন কাস্টমসের তল্লাশি অনভিপ্রেত। তা ছাড়া চেম্বারকে না জানানোয় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। তিনি ওই কর্মকর্তাকে সাত দিনের মধ্যে কুড়িগ্রাম থেকে প্রত্যাহারের দাবি জানান। চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে কুড়িগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, আগেই সংশ্লিষ্ট বিভাগগুলোকে জানিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে কাগজপত্র দেখতে চাওয়া হয়। এ সময় ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে তাঁদের অবরুদ্ধ করেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কুড়িগ্রাম সদর থানার এসআই আবদুল গফুর বলেন, ‘বেলা দেড়টার দিকে কুড়িগ্রাম বাজারের নিউ সুলভ বস্ত্রালয় থেকে ভ্যাট বিভাগের ম্যাজিস্ট্রেটসহ আটজনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসি।’