ম্যাজিস্ট্রেট ‘লাঞ্ছিত’ করার ঘটনায় স্পিকারকে ইসির চিঠি
উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আবদুর রহমান বদি পৌর নির্বাচনে দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন উল্লেখ করে স্পিকারকে চিঠি লিখে উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন।৩ মার্চ স্পিকার আবদুল হামিদকে লেখা নির্বাচন কমিশনের ওই চিঠিতে বলা হয়, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত টেকনাফ পৌরসভা নির্বাচনের প্রাক-নির্বাচনী দায়িত্ব পালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানকে উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আবদুর রহমান বদি ও তাঁর সহযোগীরা শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করেন। চিঠিতে মন্তব্য করা হয়, ‘এ ধরনের অবস্থা চলতে থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাগণ নিরুৎসাহিত হবেন।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে করা আবেদনে ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, নির্বাচনী আইন ভেঙে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির চাচা হাজি মো. ইসলামের পক্ষে পাঁচ শতাধিক লোকের জনসভা চলতে দেখে তিনি উপস্থিতদের তালিকা তৈরি করেন। এ খবর পেয়ে কাছেই থাকা সাংসদ আবদুর রহমান বদি ও তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হন। আবদুর রহমানের ভাষ্য, সাংসদ তাঁর কোটের কলার চেপে ধরে পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পরও সাংসদ ও তাঁর সহযোগীরা তাঁকে গালিগালাজ ও মারধর করে রক্তাক্ত করেন। ম্যাজিস্ট্রেট অভিযোগ করেন, তাঁর সঙ্গে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনকেও সাংসদ আঘাত করেন।অভিযুক্ত সাংসদ আবদুর রহমান বদি অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই ম্যাজিস্ট্রেট গোপনে মোবাইল ফোনে জনসভার ভিডিও করছিলেন। এতে কিছু লোক ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর চড়াও হয়। আমিই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে যাই।’ সাংসদ আবদুর রহমান বদি দাবি করেন, তাঁর সম্মান নষ্ট করার জন্য একটি মহলের যোগসাজশে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে স্পিকার আবদুল হামিদ নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।