ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়তে সাত দিনের সময়সীমা আ.লীগ নেতার!
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দলীয় এক সমর্থকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় দলবল নিয়ে ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। ম্যাজিস্ট্রেটকে মনোহরদী ছাড়তে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা এসি ল্যান্ড ফ্লোরা বিলকিস জাহান নিজ কার্যালয়ে অনেকটা চুপ করে বসে ছিলেন।উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মনোহরদীর শুকুন্দি এলাকার আওয়ামী লীগের সমর্থক আসাদুজ্জামান স্থানীয় বিল থেকে দুই বছর ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে চলেছেন। এই কাজের জন্য তিনি প্রশাসনের অনুমতি নেননি। ইচ্ছেমতো বালু উত্তোলনের কারণে বিলের চারপাশে ভাঙন দেখা দেয়। এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এনে প্রতিকার চান। গত মঙ্গলবার এসি ল্যান্ড ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রেজার জব্দ করেন। তবে অভিযুক্ত আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা যায়নি।আসাদুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনাটি তিনি জানার পর প্রথমে ফোন করে এসি ল্যান্ডকে নিজের অবস্থান থেকে সরে আসতে বলেন। এসি ল্যান্ড ওই নেতার কথা আমলে না নিয়ে আইনি প্রক্রিয়ায় এগিয়ে যান। এতে হাবিবুর রহমান আরও চটে যান। গতকাল হাবিবুর রহমান দলীয় সমর্থকদের জড়ো করে মোটরসাইকেলের বহর নিয়ে এসি ল্যান্ডের কার্যালয়ে গিয়ে তাঁর কথা না শোনার কারণ জানতে চান। সন্তোষজনক উত্তর না পেয়ে হাবিবুর রহমান এসি ল্যান্ডকে শাসান। একপর্যায়ে তিনি প্রশাসনের এই কর্মকর্তাকে এলাকা ছাড়তে এক সপ্তাহের সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দেন। জানতে চাইলে এসি ল্যান্ড ফ্লোরা বিলকিস জাহান বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ায় বিষয়টি হাবিবুর রহমান ভালোভাবে নেননি। দলবল নিয়ে আমাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। এটি সরকারি কাজে বাধা দেওয়া।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিষয়টি ডিসি স্যার তদন্ত করে দেখছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চেষ্টা করেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঘটনার সময় হাবিবুর রহমানের সঙ্গে থাকা মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির বলেন, ‘পথে হাবিবুর রহমান আমাকে পেয়ে এসি ল্যান্ড অফিসে নিয়ে যান। এসি ল্যান্ডের সঙ্গে ড্রেজার জব্দ করার বিষয়টি নিয়ে কথা হতে শুনেছি। একপর্যায়ে তাঁদের মধ্যে তর্ক হয়। পরিবেশটি ভালো লাগেনি। সুযোগ বুঝে আমি চলে আসি।’