গ্রেপ্তার ১, সমঝোতায় সাংসদের ব্যর্থ দৌড়ঝাঁপ
ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আ.লীগ নেতারাই ঘরছাড়া!
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করায় নরসিংদীর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফ্লোরা বিলকিস জাহানকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছিলেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা। এ ঘটনায় মামলা হওয়ার পর সেই নেতা-কর্মীরাই এখন আত্মগোপনে চলে গেছেন।গত বুধবার মামলা হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে গ্রেপ্তার হয়েছেন মনোহরদী পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজিবুর রহমান। ঘটনাটি ‘সামাজিকভাবে’ নিষ্পত্তি করতে তৎপরতা চালিয়েছেন স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ। তবে তিনি ব্যর্থ হয়েছেন।মনোহরদীর বালিয়াকান্দা গ্রামের বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের নির্বাহী হাকিমের দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিলকিস জাহান। এ ঘটনায় ক্ষিপ্ত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি প্রথমে মুঠোফোনে গালমন্দ এবং হুমকি দেওয়ার পর দলবল নিয়ে ভূমি কার্যালয়ে গিয়ে বিলকিস জাহানকে মনোহরদী ছাড়তে সাত দিন সময় দেন। এ ঘটনায় বুধবার দুটি মামলা হয়।দলীয় বিভিন্ন সূত্রমতে, মামলা হচ্ছে বুঝতে পেরে বুধবার রাতেই আওয়ামী লীগের নেতা হাবিবুরসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রায় ৩০ জন নেতা-কর্মী আত্মগোপন করেন। অনেকের মুঠোফোনও বন্ধ। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার একাধিক নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালানো হয়েছে ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায়ও। অভিযানকালে মনোহরদী শহর থেকে আওয়ামী লীগের নেতা মজিবুরকে গ্রেপ্তার করা হয়। নরসিংদীর সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে আছেন। তাঁদের বাড়িতে, শহরে ও ঢাকায় অভিযান চলছে। এদিকে বৃহস্পতিবার ঢাকা থেকে এলাকায় আসেন স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ। তিনি জেলা সদরে গিয়ে জেলা প্রশাসকের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে তিনি বিষয়টি ‘সামাজিকভাবে’ নিষ্পত্তির প্রস্তাব দেন। তবে জেলা প্রশাসক রাজি হননি। তার পরও সাংসদের দৌড়ঝাঁপ থেমে থাকেনি। তবে দিন শেষে তিনি ব্যর্থ হন। বিষয়টি স্বীকার করে সাংসদ নুরুল মজিদ মাহমুদ বলেন, ‘চেষ্টা করেছিলাম। হলে উভয় পক্ষের জন্যই ভালো হতো, হয়নি।’মনোহরদী থানা সড়কের ব্যবসায়ী শওকত আলী (৪২) বলেন, ‘সাড়ে তিন বছরে বড় বড় কত ঘটনা ঘটাল, কিছুই হইল না। ছোট কাজ করতে গিয়ে ধরা খাইয়া গেল।’কলেজ সড়কের প্রবাসফেরত কালাম মিয়া (৪৫) বলেন, ‘সরকার শেষ সময়ে আছে। নেতাদের ইশারায় এখন আর প্রশাসন নড়েচড়ে উঠবে না।...রঙ্গু ভাই (হাবিবুর রহমান) এই জায়গায় অঙ্ক মেলাতে ভুল করেছেন।’ নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির বলেন, ক্ষমতাসীন দল সারা দেশে পদে পদে প্রশাসনের টুঁটি চেপে ধরেছে। মনোহরদীর ঘটনা তারই খণ্ডচিত্র। তবে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মতিন ভূঁইয়া বলেন, ‘এটি ভুল-বোঝাবুঝি। নির্দিষ্ট সময় পর মনের মিল হয়ে যাবে।’