ম্যাজিস্ট্রেটকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখলেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শ্রমিকেরা তাঁদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকাল আটটা থেকে কারখানার এমপ্লয়িজ ক্লাবে সিবিএ নির্বাচন শুরু হয়। একে একে শ্রমিকেরা ভোট দিতে থাকেন। বেলা ১১টার দিকে সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ওই ক্লাবে যান। সেখানে ম্যাজিস্ট্রেট মিজানুর নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এতে শ্রমিকেরা বিক্ষোভ করে ক্লাব থেকে বের হয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন। ফলে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন ম্যাজিস্ট্রেট ও ওসি। শ্রমিকেরা ক্লাবের সামনেই নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। ওই সময় কয়েকজন শ্রমিকনেতার সঙ্গে ক্লাবের ভেতরেই আলোচনায় বসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট নেতাদের আশ্বস্ত করেন, নির্বাচনে যে কয়টি ভোট পড়েছে তা হিসাবে ধরা হবে। যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য দিন ধার্য করে ভোট নেওয়া হবে। এমন আশ্বাসের পর সোয়া পাঁচটার দিকে ম্যাজিস্ট্রেট ও ওসি মুক্ত হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা অবনতি হতে পারে, এ আশঙ্কায় জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে তিনি এমপ্লয়িজ ক্লাবে গিয়ে সিবিএ নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। কিন্তু ঘোষণা দেওয়ার পরপরই তিনি অবরুদ্ধ হয়ে পড়েন।
ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার কথা স্বীকার করেন সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল হোসেনও।
সিবিএর বর্তমান সভাপতি রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, অবৈধভাবে নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। তাই শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
এ ব্যাপারে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের কোনো সাড়া পাওয়া যায়নি।