ম্যাজিস্ট্রেটকে ধাক্কা, ছয় মাস কারাদণ্ড বাসচালকের
রাজধানীর উত্তরা জসীমউদ্দীন রোড চত্বর। সময় গতকাল সোমবার বেলা পৌনে একটা। পুলিশ নিয়ে ৩ নম্বর রুটের একটি মিনিবাস থামাতে গেলেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।
বাসের গতি কমতেই ম্যাজিস্ট্রেট বাসে উঠতে চাইলেন। তাঁকে ধাক্কা দিয়ে ফেলে গতি বাড়িয়ে বাস নিয়ে চলে যান চালক মনোয়ার হোসেন। সঙ্গে সঙ্গে প্রাইভেট কারে চড়ে ধাওয়া করে বাসটি আটক করেন উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মজিবর রহমান। পরে সরকারি কাজে বাধা দেওয়ায় বাসচালক মনোয়ারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর লক্কড়ঝক্কড় বাসটি তেজগাঁও ডাম্পিংস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। বাস না থামানোর কারণ জানতে চাইলে মনোয়ার বলেন, ‘আমি সিগন্যাল দেখি নাই।’
গতকাল ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের দেড় ঘণ্টার অভিযানে ছয়টি বাস আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে আটক হয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। অভিযানকারীদের চোখ এড়িয়ে পালিয়ে যান চালক রাজু। পুলিশের হাতে ধরা পড়েন তাঁর সহযোগী রুবেল। রুবেলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আটক রুবেল বলেন, ‘ড্রাইভারে ভাড়ার ট্যাকাও লইয়্যা গেছে। অহন যাত্রীগো ট্যাকা ফেরত দিমু কেমনে?’
অভিযানে আটক গাবতলী-গাজীপুর রুটে চলাচলকারী বসুমতী ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের রুট পারমিট ছিল না। বাসটির চালক সুজন মিয়া বলেন, ‘আমারে মালিকে বাস দিসে।’ অবশ্য রুট পারমিট থাকার দাবি করেন বসুমতী ট্রান্সপোর্টের ব্যবস্থাপক ইকরাম হোসেন। অভিযানের সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের ৭০টি বাসের পারমিট আছে। এক বছর ধরে চলছে। কোনো সমস্যা হয়নি।’
যাত্রীদের ক্ষোভ থাকলেও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে এই অভিযানে সুফল আসছে বলে দাবি করেন ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। তিনি বলেন, রাজধানীতে ৫ আগস্ট থেকে শুরু এই অভিযানে এ পর্যন্ত ৫১টি বাস আটক করা হয়েছে। ২৫ জন চালককে সাজা দেওয়া হয়েছে। জরিমানা আদায় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। বাসমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে, সাংবাদিকদের মশিউর রহমান বলেন, ‘বাসমালিককে সরেজমিন পাওয়া না গেলে সাজা দেওয়া যায় না। ডাম্পিংয়ে পাঠানো হলে বাসমালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তো হচ্ছেন।’
মশিউর রহমান বলেন, প্রতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চালানো হয়ে থাকে। এর আগে বনানী, আগারগাঁও, শাহবাগ, যাত্রাবাড়ী ও কল্যাণপুরে অভিযান চালায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে আটক কোনো বাস ছেড়ে দেওয়া হয়নি বলে জানান তিনি।