ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারে এককাট্টা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবিতে এককাট্টা হয়ে মাঠে নেমেছেন কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল সোমবার বেলা ১১টায় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদকে লাঞ্ছিত করার অভিযোগ এনে স্থানীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার দাবি জানানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিক্ষেত্রে নানা অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছেন ম্যাজিস্ট্রেট মো. মাঈন উদ্দিন। সম্প্রতি দুটি সারের গুদামে অভিযান চালিয়ে ধুলাবালি ও ময়লা মিশ্রিত ২৫ বস্তা সারসহ ১০৫ বস্তা সার ও একটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক জব্দ করেন। অভিযানের পাশাপাশি গত ২৩ অক্টোবর তিনি কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে চকরিয়ায় সার ও কীটনাশকে অব্যাহত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে একটি চিঠি দেন।
অভিযোগ উঠেছে, চিঠি দেওয়ার বিষয়টি জানাজানি হলে গতকাল উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ তাঁর অধীন বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপজেলা চত্বরে জড়ো করে স্মারকলিপি দিয়েছেন।
এক উপসহকারী কৃষি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সার ডিলাররা নানা অনিয়মের সঙ্গে যুক্ত। তাঁদের শাস্তি দিলে সবার জন্য ভালো। কিন্তু আমাদের স্যাররা কেন তাঁদের পক্ষ নিয়েছেন বুঝতে পারছি না। অহেতুক তাঁরা এখানে আমাদের ডেকে এনে ম্যাজিস্ট্রেটের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে লাঞ্ছিত করায় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।
জানতে চাইলে মো. মাঈন উদ্দিন বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও তাঁর অধীন কর্মকর্তা মোবাইল কোর্ট আইন-২০০৯-এর ১২(১) ধারামতে ভ্রাম্যমাণ আদালতের কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদানে বাধ্য। এ ছাড়া আদালত চলাকালীন ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করা ফৌজদারি অপরাধও বটে।
তিনি আরও বলেন, সার ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমি কোনো অপরাধ করিনি। যদি তাঁরা স্মারকলিপি দিয়ে থাকেন, তাহলে এসব অনিয়মের সঙ্গে তাঁরাও জড়িত থাকতে পারেন। তিনি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন।