ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করায় কনস্টেবল প্রত্যাহার
ময়মনসিংহের গফরগাঁওয়ে পরীক্ষাকেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করায় গতকাল বৃহস্পতিবার এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কেন্দ্র থেকে জানা যায়, গতকাল এসএসসি পরীক্ষা চলাকালে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমানের দেহরক্ষী কনস্টেবল সোহেল রানা পরীক্ষাকেন্দ্রে যান। তিনি সেখান থেকে বের হওয়ার সময় সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান তাঁর পরিচয় জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত অবস্থায় দুজনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। জিয়াউর রহমান বলেন, ‘সোহেল রানা এই কেন্দ্রে দায়িত্বরত ছিলেন না। এ অবস্থায় তিনি ১৪৪ ধারা ও পাবলিক পরীক্ষা আইন ৯ ও ১১ ধারা ভঙ্গ করে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর পরিচয় জানতে চাইলে তিনি উল্টো আমার পরিচয় জানতে চেয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’সোহেল রানা বলেন, ‘আমি পরিচয় দেওয়ার পর ওই ম্যাজিস্ট্রেট শার্টের কলার ধরে আমাকে কিল, ঘুষি ও লাথি মারেন।’ এএসপি মোস্তাফিজুর রহমান জানান, সোহেল রানাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।